২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুরুতর’ আদালত অবমাননা করেছে বিএনপি: হাছান

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ডেকে বিএনপি ‘গুরুতর’ আদালত অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 07:03 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ মন্তব্য করে তিনি বলেন, “আদালতের বিরুদ্ধে মন্তব্য করা যদি আদালত অবমাননা হতে পারে, তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ডাকা আরও গুরুতর আদালত অবমাননা।”

গতবছরের ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩০ মার্চ খালেদাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

তাদেরকে গ্রেপ্তার করা গেল কি না- তা  পুলিশকে ২৭ এপ্রিল জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার এক সংবাদ সম্মেলনে সোমবার দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি।

আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান বলেন, “আমি মহামান্য আদালতকে অনুরোধ জানিয়ে বলতে চাই, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যারা আজকের এই বিক্ষোভ মিছিল ডেকেছে, অবিলম্বে যেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমন জারি করা হয়।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘সবসময়ই’ আদালত অবমাননা করে আসছেন মন্তব্য করে তিনি বলেন, “আদালতে হাজিরার দিন হয় তিনি (খালেদা জিয়া) অসুস্থ থাকেন, না হয় বিএনপির পক্ষ থেকে হরতাল ডাকা হয়।”

সাবেক মন্ত্রী হাছান বলেন, “আপনার (খালেদা জিয়া) প্রতি অনুরোধ দয়া করে আগামীকাল আদালতে যাওয়ার সময় আপনার সন্ত্রাসী-জঙ্গি বাহিনীকে সাথে নিয়ে যাবেন না।

“হাজিরা দিতে গিয়ে আপনার সন্ত্রাসী বাহিনী ঢাকা শহরে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সরকার যেমন কঠোর হস্তে দমন করবে তেমনি আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বসে থাকবে না।”

ওই মামলায় খালেদা জিয়া মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ (১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনাল) কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন বলে রোববার জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ ‘যুদ্ধাপরাধীদের দল’ ছাড়া যে কোনো দলের সাথে আলাপ-আলোচনায় বিশ্বাসী- একথা জানিয়ে তিনি বলেন, “বিএনপির সাথেও আলোচনা হতে পারে। তবে তার আগে অবশ্যই বিএনপিকে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গ ছাড়তে হবে।

“আন্দোলনের নামে মানুষ হত্যাসহ রাজনীতির নামে অতীতের সমস্ত অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”

‘বঙ্গবন্ধু একাডেমি’ নামের একটি সংগঠন আয়োজিত ‘চলমান রাজনীতি বিষয়ক’ এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন নাহিন পুনম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম।

পুরনো খবর:

মঙ্গলবার আত্মসমর্পণ করছেন খালেদা: আইনজীবী