২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার আত্মসমর্পণ করছেন খালেদা: আইনজীবী

অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপিনেত্রী খালেদা জিয়া আদালতে  আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 03:56 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া রোববার সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ (১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনাল) কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।”

পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ৩০ মার্চ আদালত এ মামলায় খালেদা জিয়াসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পলাতকদের গ্রেপ্তার করা গেল কিনা- সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সেদিন ২৭ এপ্রিল তারিখ ঠিক করে দেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

এ মামলার ৩৮ আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তৎকালীন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াসহ ছয়জন জামিনে রয়েছেন।

এছাড়া শহিদুল খান, লিটন, পারভেজসহ চারজন কারাগারে রয়েছেন। বাকি ২৮ জনের বিরুদ্ধে জারি করা হয়েছে পরোয়ানা।

গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গতবছর ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।

এর মধ্যে ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার পেচান গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক নূর আলম ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। তার দেহের ৪৮ শতাংশ পুড়েছিল।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান দুটি মামলা করেন, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে করা হয় হুকুমের আসামি।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় করা মামলায় পেট্রোলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।

তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ গত বছরের ৬ মে হত্যা মামলায় এবং ১৯ মে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এরপর চলতি বছর ২৮ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনের মামলাটিও বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

পুরনো খবর:

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা