মেয়র খোকার আমলে ডিসিসির বিপুল ক্ষতি: মন্ত্রণালয়
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র থাকার সময় সিটি করপোরেশনের দোকান, খালি জায়গা বরাদ্দ, ভবন নির্মাণ ও দরপত্র আহ্বানে ‘অনিয়মের’ সন্ধান পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এসব কাজে অনিয়মের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে মন্ত্রণালয় বলেছে, এতে সিটি করপোরেশনের ‘বিপুল’ আর্থিক ক্ষতি হয়েছে।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
২০০২ সালের এপ্রিলে ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব শুরু করা খোকার মেয়দ শেষ হয়েছিল ২০০৭ সালে। কিন্তু এরপর নানা জটিলতায় নির্বাচন আটকে থাকায় তার পদও ২০১১ সালে ডিসিসি দুই ভাগ হওয়া পর্যন্ত টিকে থাকে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যানের মেয়র থাকার দিনগুলোর কর্মকাণ্ড তদন্তের জন্য গত বছরের জুনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় কমিটি।
এর আগে গত নবম সংসদেও স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র খোকার কর্মকাণ্ড নিয়ে একাধিক কমিটি গঠন করে।
সংসদীয় কমিটির সুপারিশের পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
রোববার সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য রহিমা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, সেজন্য কমিটি মন্ত্রণালয়কে তাদের তদন্ত প্রতিবেদন নিয়ে আইনজ্ঞদের সাথে আলোচনা করতে বলেছে।”
প্রয়োজনে মন্ত্রণালয়কে দুদকের সঙ্গেও আলোচনা করতেও বলা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মার্কেটে ২৬টি দোকান ও খালি জায়গা বরাদ্দের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। খোকা মেয়র থাকাকালে সেসব দোকান বরাদ্দের সুপারিশ করেন।
এসব জায়গা ও দোকান বরাদ্দের ঘটনায় চলমান মামলা নিয়ে সিটি করপোরেশনকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
মালিটোলার ফজলুল করিম কমিউনিটি সেন্টারে নিচে, লেডিস হকার্স মার্কেট, জিন্দাবাহার লেইন, সিদ্দিক বাজার জামে মসজিদ ও মাদ্রাসা, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, ধোলাইখাল রোড, নর্থ-সাউথ রোডের পাশে পতিত জমি, সূত্রাপুর থানার পূর্ব দিকে লোহার ব্রিজ, সুন্দরবন স্কয়ার মার্কেট, সায়েদাবাদ দরবার শরীফের রাস্তার প্রবেশ পথ, ৭৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের খালি জায়গা, সায়েদবাদ বাস টার্মিনালে গ্রামীণ ফোনের যন্ত্রপাতি বসানোর জায়গা, গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার, ল্যাব এইড হাসপাতালের সংযোগ সেতু, ঢাকা নিউ মার্কেট ১ নম্বর গেইট, ঢাকা মেডিকেলের ১ নম্বর গেইট, গণস্বাস্থ্য নগর হাসপাতালের খালি জায়গা, স্কয়ার হাসপাতালের দুই ভবনের মধ্যে সংযোগ, চক বাজার পাবলিক টয়লেট ও নিমতলী মার্কেটের পূর্ব পাশে এসব জায়গা বা দেকান বরাদ্দে অনিয়ম হয়েছে বলে মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, রমনা শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য কার্যাদেশ পাওয়া মাসুদ করপোরেশনকে নিয়ম বহির্ভূতভাবে কাজ দেওয়া হয়। এছাড়া ওই প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি করা হয়, তাতে সিটি করপোরেশনের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
এ কাজের জন্য মন্ত্রণালয় সাদেক হোসেন খোকা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেছে।
দিলকুশায় বহুতল কার পার্কিং কাম বাণিজ্যিক ভবন সানমুনস্টার টাওয়ার নির্মাণের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমতি না নিয়ে আর্থিক বিধি লঙ্ঘন করা হয়েছে এবং সরকারের ক্রয়নীতি অনুসরণ করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই ভবন নির্মাণের চুক্তিতেও সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে মন্ত্রণালয়।
গত বছর নভেম্বরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
তার এক মাসে আগে সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
তিনি অবৈধভাবে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে, ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয় রায়ে।
অবশ্য ওই রায়ের আগেই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান খোকা। সেখানে তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলে বিএনপি নেতাদের ভাষ্য।
সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. রহমত আলী, ফজলে হোসেন বাদশা ও রহিমা আকতার বৈঠকে অংশ নেন।
