২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই: হানিফ

বিক্ষিপ্ত গোলোযোগের মধ্যে শিশুসহ চারজনের প্রাণহানি হলেও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ক্রটিপূর্ণ বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 08:10 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার পর বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ছয় হাজারের বেশি কেন্দ্রের মধ্যে ২২টিতে কিছুটা ত্রুটি-বিচ্যুতি হয়েছে। তাই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়েছে।”

এদিন ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর, যশোর সদরের চাঁচড়া এবং চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের গোলাগুলির মধ্যে প্রাণ হারিয়েছে এক শিশুসহ চারজন।

জামালপুরের মেলান্দহে কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ এক যুবকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।   

এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষ, গোলাগুলি, কেন্দ্র দখলের অভিযোগও পাওয়া গেছে।

অনিয়ম ও গোলযোগের কারণে অন্তত ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

ভোটের পর ইসি সচিবালয়ে গিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ইউনিয়ন ভোটের শেষ তিন ধাপ বর্জনের কথা জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহান।

এর প্রতিক্রিয়ায় হানিফ বলেন, “বিএনপি এখন কোনো কারণ ছাড়াই নালিশ করছে। তারা একটি নালিশি দলে পরিণত হয়েছে। আসলে অভিযোগ ছাড়া তাদের আর কিছুই করার নেই।”

নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের দেশে সাধারণত দেখা যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশেষ করে মেম্বার নির্বাচনে সামাজিক দ্বন্দের অনেকটা বহিঃপ্রকাশ ঘটে, যেটা আমরা অতীতে বহু নির্বাচনে দেখেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই সামাজিক-গোষ্ঠীগত দ্বন্ধের কারণে সংঘাত ও সহিংসতা হয়।

“…জামালপুরে যার কথা বলা হচ্ছে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, নির্বাচনী সহিংসতায় নয়। আর দুটি জায়গায় যারা মারা গেছেন, এটা দুঃখজনক।”

এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।