২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট নিয়ে সিইসির বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল নেই: ফখরুল

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে বাস্তবতার ‘মিল নেই’ বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 03:55 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

পুরনো খবর:

নির্বাচনী সংঘাতে ৫ জেলায় নিহত ১১

বুধবার সকালে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আজকেও পত্রিকায় দেখলাম সারা দেশের ইউনিয়ন পরিষদের নির্বাচনে তুমুল সহিংসতা হয়েছে। এই নির্বাচনের মতো অতীতে পৌরসভা, উপজেলা নির্বাচনগুলোতেও একই ঘটনা ঘটেছে। আজ কোথাও মানুষ শান্তিতে নেই- সেখানে নির্বাচনে সহিংসতা, সেখানে বিভৎসতা, সেখানেই মৃত্যু, সেখা্নেই হত্যা।

“তারপরও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, খুব সুন্দর নির্বাচন হয়েছে। তার এই বক্তব্যে সাথে বাস্তবতার মিল নেই।”

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপি নেতা ফখরুল।

“সরকারি দলের একজন নেত্রী যিনি আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি বলেছেন, এতো ভালো নির্বাচন আগে কখনো হয়নি। এই যদি অবস্থা হয়, এই যদি চিত্র হয়, তাহলে দেশে মানুষ কার কাছে যাবে? কোথায় গিয়ে দাঁড়াবে?”

মঙ্গলবার দেশের বিভিন্ন জেলার ৭১২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়। ভোটের সময় কয়েকটি জেলায় সংঘর্ষে অনেকে আহত হন। তবে রাতে ভোট গণনার সময় পাঁচ জেলায় সংসিতায় ১১ জন নিহত হন।

পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব জাগপার উদ্যোগে ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরের কোতয়ালি থানার সামনে তৎকালীন ছাত্র নেতা শফিউল আলম প্রধানের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের পতাকা উত্তোলন উপলক্ষে এই আলোচনা সভা হয়।

বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ লোপাটের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সরকারের আমলে টাকা চরমভাবে হরিলুট হয়েছে। বাকি ছিল বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংকেরও টাকা লোপাট হয়েছে। ওই ঘটনার দুই দিন যেতে না যেতেই জনতা ব্যাংক থেকে আবার টাকা লুট হয়েছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি কোখায় গিয়ে দাঁড়াচ্ছে? সেই পূঁজিবাজার লুট করা, হল-মার্ক, বিসমিল্লাহ সব হরিলুট হচ্ছে।

“আজ সব জায়গায় যেন বর্গী আসছে বাংলাদেশে। একটা স্লোগান উঠেছে, যা কিছু পারো, অতি দ্রুত লুট করে নিয়ে যাও, লুট করে নিয়ে গিয়ে বিদেশে পাচার করো, বিদেশে বাড়ি-ঘর তৈরি করো।”

২০ দলীয় জোট সম্প্রসারণের ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, “সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে, দেশে পরিবর্তন আনতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমি স্পষ্টভাষায় বলতে চাই, আমাদের ২০ দলীয় জোট জাতীয় ঐক্য সৃষ্টি করেছে। আমাদের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত করতে হবে।

“আমরা জানাতে চাই, এদেশের সকল নেতা, রাজনৈতিক দল, ব্যক্তি সকলকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই।”

সরকার দেশের রাষ্ট্রীয় কাঠামো ‘ধ্বংস করে ফেলেছে’ মন্তব্য করে তিনি বলেন, “এই সরকার আমাদের গণতান্ত্রিক কাঠামো একে একে সব ধ্বংস করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা্ ধ্বংস করে ফেলেছে। সংসদকে ধ্বংস করেছে। যে সংসদ গণতন্ত্রের মূল চাবিকাঠি সেটাও নেই। গনতান্ত্রিক রাষ্ট্রের জন্য সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ প্রশাসন দরকার, সেই প্রশাসন দলীয় করে ফেলা হয়েছে। কোনো ইনস্টিটিউশন আর অবশিষ্ট নেই।”

এই অবস্থা থেকে উত্তরণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে খালেদা জিয়ার উপস্থাপিত ‘ভিশন-২০৩০’ এর কথা তুলে ধরে ফখরুল বলেন, “দেশের রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন না আনতে পারলে দেশের স্বাধীনতার সফলতা আসবে না। আমাদের নেত্রী যে ভিশন-২০৩০ রূপরেখা দিয়েছেন, তাতে মৌলিক পরিবর্তনের কথা বলেছেন।

“যুদ্ধ, মারামারি, রক্তপাত, গ্রেপ্তার, হত্যা, ‍বিরোধ আর কতদিন? এই প্রতিহিংসার রাজনীতি করে আমাদের লাভ কী হচ্ছে? এর অবসান হতে হবে।”

যুব জাগপার সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, সহসভাপতি মহিউদ্দিন বাবুল, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।