ধর্মীয় উসকানি: খালেদার মামলায় প্রতিবেদন দাখিলে আরও সময়
ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’ ও ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও বাড়ানো হয়েছে।
বুধবার ধার্য দিনে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু ১৮ এপ্রিল নতুন দিন ঠিক করে দিয়েছেন বলে মামলার বাদী সভাপতি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ নিয়ে ১৫ বার তারিখ পেছানো হলো।”
এবি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর শাহবাগ থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এই অভিযোগ করলে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।
মামলার আর্জিতে বলা হয়, ওই বছর ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগ সম্পর্কে ‘কটূক্তি’ করেন।
“তিনি (খালেদা জিয়া) বলেন, ‘আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।”
ওই বক্তব্য দিয়ে খালেদা জিয়া ফৌজদারি দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
দণ্ডবিধির ১৫৩ (ক) ধারায় উসকানিমূলক বক্তব্য দিয়ে বিভিন্ন শ্রেণির নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার জন্য দুই বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে।
আর ২৯৫ (ক) ধারায় অন্যের ধর্ম বিশ্বাসের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক কোনো কাজ করলে দুই বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।
