২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে ফৌজদারি মামলা চান হাছান

বিএনপির কাউন্সিলে নির্বাচন ও শেখ হাসিনাকে নিয়ে বক্তব্যের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি তুলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 03:11 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

সোমবার ঢাকার সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “খালেদা জিয়া হাসিনাবিহীন নির্বাচনের কথা বলেছেন। এটি কিসের ষড়যন্ত্র? তিনি কি আরেকটি ২১ আগস্ট চান? এর তদন্ত প্রয়োজন।”

বিএনপির ষষ্ঠ কাউন্সিলে শনিবার খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিটি নতুন করে তুলে ধরেন। সেখানেই তিনি সরকারের প্রতি আলোচনায় আসার আহ্বান জানান।

আর কাউন্সিলের রুদ্ধদ্বার অধিবেশনে তিনি ‘শেখ হাসিনাকে বাদ দিয়ে’ নির্বাচন করার কথা বলেন বলে গণমাধ্যমে খবর আসে।

এর প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “তার (খালেদা) বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া প্রয়োজন। তিনি ফৌজদারি অপরাধ করেছেন। সরকারকে অনুরোধ করবো, খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।”

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এ আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, লন্ডনে কার্গো বিমান বন্ধ, এটিএম বুথে জালিয়াতি ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ‘একসূত্রে গাঁথা’।

“দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসীরা বসে নেই। তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। লন্ডনে কার্গো বিমান বন্ধ, এটিএম বুথ জালিয়াতি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি- সব একই সূত্রে গাঁথা। এসব ষড়যন্ত্রের অংশ।”

এসব ষড়যন্ত্রের পেছনে বিএনপি-জামাতের ‘হাত আছে’ বলেও মন্তব্য এ আওয়ামী লীগ নেতার।

“যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা ২৫ মিলিয়ন ডলারে আমেরিকান লবিস্ট নিয়োগ দিতে পারে, ১০১ মিলিয়ন ডলার চুরি করা হ্যাকারদের সাথে তাদের সম্পর্ক নেই তা বিশ্বাস করতে কষ্ট হয়।”

রিজার্ভ চুরির ঘটনায় ‘তদন্ত হচ্ছে’ জানিয়ে হাছান বলেন, এর সঙ্গে কারা কারা জড়িত তাও দ্রুত বেরিয়ে আসবে।

খালেদার  ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার সমালোচনায় সাবেক মন্ত্রী হাছান বলেন, দলে আলোচনা করা ছাড়াই খালেদা জিয়া কাউন্সিলে সেটি উপস্থাপন করেছেন।  

“বক্তৃতার সময় কেউ হয়তো পেছন থেকে বলেছেন, তারপর তিনি (খালেদা) বলেছেন। শেখ হাসিনা ২০২১ ও ২০৪১ সালের রূপকল্প দিয়েছেন, তিনি (খালেদা) তা নকল করে মাঝামাঝিটা বলেছেন। কিন্তু কী কী ধাপে এটি বাস্তবায়ন হবে তা বলতে পারবেন না।

বিএনপির কেন্দ্রীয় কমিটি ‘দুই সদস্যের’ বলেও কটাক্ষ করেন হাছান মাহমুদ।

“মা-ছেলে ছাড়া কেউ নেই। আর ভাইস চেয়ারম্যান তো বিশ্বচোর। বাংলাদেশের রাজনীতিতে এর আগে সম্মেলনের আগে কখনো নেতা নির্বাচিত হয়নি।”

হাছান বলেন, বর্তমান সরকারের অধীনেই ২০১৯ সালের নির্বাচন হবে এবং খালেদা জিয়াও তাতে অংশ নেবেন।

“গাধা জল ঘোলা করে খায়। আপনিও ঠিকই নির্বাচনে আসবেন। নির্বাচনে না আসার কি জ্বালা তা মুখে না বললেও চেহারা দেখেই বোঝা যায়।”

নির্বাচনে না এলে বিএনপির পরিণতি ‘মুসলিম লীগের মতো’ হবে বলে মন্তব্য করেন এ আওয়ামী লীগ নেতা।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “আবোল তাবোল না বলে দল বাঁচান। আপনার কর্মীরা সম্মেলনে বলেছে, আপনার খেলোয়াড়েরা ম্যাচ ফিক্সিং করেছে। আর আমি বলব- কোচ খালেদা জিয়াকে অপসারণ করা উচিৎ।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়।