কাউন্সিলে বিএনপি আনলো ১১ বই
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সামনে রেখে ১১টি বই প্রকাশিত হয়েছে, যার পাঁচটিই লেখা হয়েছে জিয়া পরিবারের সদস্যদের নিয়ে।
শুক্রবার বিকালে পুরানা পল্টনে জামান টাওয়ারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বইগুলোর মোড়ক উন্মোচন করেন।
এগুলোর মধ্যে কাউন্সিলের স্যুভেনিরসহ সাতটি বই প্রকাশ করেছে কাউন্সিলের প্রস্তুতির জন্য গঠিত প্রকাশনা উপ-কমিটি, যেটির নেতৃত্বে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
এগুলো হলো- ‘উন্নয়ন ও অর্জনে বিএনপি’, ‘শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’, ‘দেশবাসীর প্রতি দেশনেত্রী’, ‘শোকার্ত স্বদেশ: আরাফাত রহমান কোকো’, ‘ইরোসন অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’, ‘রাইট টু লিভ: এ ফার ক্রাই ইন বাংলাদেশ ২০০৯-২০১৬’ এবং ‘এ ন্যাশনাল স্ট্র্যাটেজি টু কাউন্টার টেররিজম অ্যান্ড এক্সট্রিমিজম’।
বইগুলোর মোড়ক উন্মোচনের সময় মির্জা ফখরুল বলেন, “এসব গ্রন্থ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপকৃত করবে। এগুলো সবাই পড়বেন। এতে দল ও দেশের মানুষ উপকৃত হবে।”
আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, উপ-কমিটির সদস্য আবদুল হাই শিকদার, মোহাম্মদ রেদোয়ান আহমেদ, মোশাররফ হোসেন ঠাকুর, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম মিন্টু ও শাহজাহান সম্রাট উপস্থিত ছিলেন।
