২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের নামে চাঁদাবাজি চলছে, ধরিয়ে দিন: বিএনপি

জাতীয় কাউন্সিলকে সামনে রেখে নেতাদের নাম ভাঙিয়ে একদল ‘প্রতারক চক্র’ চাঁদা আদায় করছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের’ কাছে দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

তিনি বলেন, “আমরা আগেও বলেছি, বিভিন্ন নেতার নামে বিভিন্ন নম্বর দিয়ে একটা সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্নভাবে অর্থ আদায় করছে। বলছেন যে, আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের এই কর্মকর্তা এই ধরনের।

“এরকম একটি নম্বর ০১৭১১১৯০০০৪, আরেকটি নাম্বর হচ্ছে ০১৭৬৪৭৪৬৬৬১। এই নম্বরগুলোসহ আরও কিছু নম্বর ও ফেইসবুকের মাধ্যমে আমার নামে দেশে-বিদেশে মানুষের কাছ থেকে বিএনপির কাউন্সিলের নামে চাঁদা তোলা হচ্ছে বলে আমি জানতে পেরেছি।”

একটি নম্বর দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামেও চাঁদা তোলা হচ্ছে বলে জানান তিনি।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “আমাদের কণ্ঠ নকল করে বা তারা আমাদের সেজে এই সমস্ত কাজ করছে।”

এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মন্তব্য করে তিন বলেন, “গণমাধ্যমের মাধ্যমে এদের ধরে আইনের আওতায় আনার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।”

আগামী ১৯ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হওয়ার কথা।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ কাউন্সিলের জন্য ‘খুব ছোট জায়গা’ দাবি করে রিজভী বলেন, “বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এতো ছোট পরিসরে কাউন্সিল করা খুবই দুরূহ ব্যাপার।

“তাই আমরা কাউন্সিলর ও ডেলিগেটদের স্বাচ্ছন্দভাবে বসার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ বরাদ্দ দিতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবারও অনুরোধ করছি।”

এজন্য গণপূর্ত বিভাগের কাছে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা মনে করছি, এটি তারা দেবেন।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে কাউন্সিল সফলে গঠিত আন্তর্জাতিক উপ-কমিটি, শৃঙ্খলা ও সেবা উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি ও চিকিৎসা সেবা উপ-কমিটির কার্যক্রম তুলে ধরেন রিজভী।

তিনি বলেন, কাউন্সিলের স্থানের অনুমতি পেতে দেরি হওয়ায় বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানাতে দেরি হয়েছে। তাই তারা অনেকে আসতে পারবেন না। আবার অনেকে আমন্ত্রণে সাড়া দিয়েছেন।