২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে গেল মির্জা আব্বাসের মুক্তি

শাহবাগ থানায় দুদকের করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাই কোর্টের দেওয়া জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 10:19 AM

Updated : 12 Apr 2022, 01:37 AM

দুদকের আবেদনের শুনানি করে সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। 

মির্জা আব্বাসের জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করে দুদককে ওই সময়ের মধ্যে নিয়মিত আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত।

২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টনের একটি এবং গত বছরের ৬ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা নাশকতার দুটি মামলায় মির্জা আব্বাস গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

এর মধ্যে নাশকতার দুটি মামলায় তিনি ১৫ ফেব্রুয়ারি হাই কোর্ট থেকে জামিন পান।

আর শাহবাগ থানার দুদকের এই মামলায় জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত  ৯ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্ট বেঞ্চ বিচার শেষ না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করে।

আব্বাসের অন্যতম আইনজীবী সগীর হোসেন লিওন সেদিন বলেছিলেন, সব মামলায় জামিন পাওয়ায় তার মক্কেলের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

দুদক পরদিন ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আপিল বিভাগে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদিন, সঙ্গে ছিলেন নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।