২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ সরানোর পেছনে বাংলাদেশ ব্যাংক: মওদুদ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া হ্যাকের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 09:33 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

শনিবার বিকালে এক আলোচনা সভায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ লোপাটের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের রিজার্ভ অ্যাকাউন্টের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে চলে গেছে। এটা কেউ বিশ্বাস করবে যে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া হ্যাকের মাধ্যমে টাকা লুণ্ঠন হয়েছে? দেশের কোনো মানুষ এটা বিশ্বাস করবে না।”

“কারা এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা কারা? এটা চিহ্নিত করা উচিৎ। আমরা মনে করি এর মূল ও কারণ হলো সরকারের কোনো জবাবদিহিতা নাই।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম নেতা প্রয়াত রাজনীতিক মশিয়ুর রহমান যাদু মিয়ার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মশিয়ুর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

দলের প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত থাকা মওদুদ আহমদ প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “শহীদ জিয়াউর রহমান যখন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটি রাজনৈতিক ভিত্তি তৈরি করার উদ্যোগ গ্রহণ করলেন তখন মশিয়ুর রহমান যাদু মিয়া সবচাইতে বড় অবদান রেখেছেন।”

মশিয়ুর রহমান যাদু মিয়ার স্মরণ করে মওদুদ বলেন, “যাদু ভাই যে কাউকে আপন করে নিতে পারতেন। তার হাজার হাজার নেতাকর্মীকে আপন বলে মনে করতেন। আমি যাদু মিয়াকে মার্সিটিজ গাড়িতে ঘুরতে দেখেছি, আবার রিকশাও চড়তে দেখেছি। দিস ইজ ওয়ান পলিটিশিয়ান। এ ছিল যাদু মিয়া।”

বিএনপি জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে দাবি করে সাবেক আইনমন্ত্রী বলেন, “বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদকে নির্মূল করার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবে। আমরা কখনোই জঙ্গিবাদ ও উগ্রবাদকে বরদাশত করব না।”

তিনি বলেন, “দেশে শাসন আছে, সুশাসন নেই। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। পুঁজিবাজার, ডেসটিনি, হল-মার্কের মাধ্যমে সরকারের মদদপুষ্ট ব্যবসায়ীরা জনগণের অর্থ চুরি করেছে। এখন পর্য়ন্ত কোনোটার বিচার হয় নাই। প্রতিদিন নৈরাজ্য দেখতে পাই।”

“এখন তারা থাবা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের উপরে। মানে শেষ। আমাদের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে।”

সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু মিয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, প্রয়াত মশিয়ুর রহমান যাদু মিয়ার নাতি ন্যাপ ভাসানীর চেয়ারম্যান ব্যারিস্টার জেবেল রহমান গনি, সাংবাদিক সাদেক খান, মহিউদ্দিন খান মোহন, আক্তারুজ্জামান বাবু, আবদুল খায়ের লাভলু, আবুল কাশেম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে যাদু মিয়ার মেয়ে সাংবাদিক রিটা রহমানও উপস্থিত ছিলেন।