২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন বিদেশে টাকা রাখলেও লুট হচ্ছে: বিএনপি

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, দেশে জনগণের কাছে দায়বদ্ধ সরকার ‘না থাকার কারণেই’ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 03:46 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “জনগণের কাছে দায়বদ্ধ সরকার না থাকলে জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। খুন-রাহাজানি-সন্ত্রাস-দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। আমার দেশে ব্যাংকে টাকা রাখলে সেই টাকা লুট হয়ে যাচ্ছে। আমার শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে। এমনকি বিদেশে টাকা রাখলে সেটা পর্যন্ত থাকছে না। এটা উদ্বেগজনক।”

অর্থ লোপাটের ওই ঘটনা গত মাসে ঘটলেও তা প্রকাশ্যে আসে গত সপ্তাহে ফিলিপিন্সের একটি পত্রিকার খবরের মাধ্যমে। ডেইলি ইনকোয়ারার নামের ওই পত্রিকার খবরে বলা হয়, সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত আট  কোটি ডলার ফিলিপিন্সের পাঁচটি অ্যাকাউন্টে জমা হয়। পরে ওই অর্থ ক্যাসিনো ঘুরে বাইরে পাচার হয়ে যায়।

নজরুল ইসলাম খান বলেন, “আজ আমার মা-বোনরা নিরাপদ না, সন্তানরা নিরাপদ না। আমার দেশের সম্পদ নিরাপদ না। এই যে বাস্তবতা- এর পরিবর্তন দরকার।”

পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনাতনে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির মহানগর শাখর উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে’ এই আলোচনা সভা হয়।

নজরুল বলেন, “আজ যদি রাষ্ট্র মানুষ খুন করে, সাধারণ মানুষকে বা অন্য যারা খুনী তাদের দমন করবে কে? সেজন্যেই জনগণের প্রতিনিধিত্বশীল জবাবদিহিমূলক সরকার দরকার।...  এ ধরনের সরকার শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হতে পারে।

“সেজন্য আমরা সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করি। সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই জনগণের প্রতিনিধি।”

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির নেতারা আওয়ামী লীগের বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলে আসছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, গণতন্ত্র থেকে সরে গিয়ে ‘নাশকতার রাজনীতিতে জড়িয়ে’ বিএনপি জনগণের কাছ থেকেও দূরে সরে গেছে।   

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপিনেত্রী খালেদা জিয়ার বক্তব্যের সমর্থনে এ অনুষ্ঠানেও কথা বলেন নজরুল। ওই বক্তব্যের কারণে খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করারও সমালোচনা করেন।   

“তিনি বিষয়টা উত্থাপন করেছেন- যে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, সেই সম্মানিত মানুষরা এরকম আনুমানিক সংখ্যার মধ্যে আবদ্ধ থাকতে পারে না।... শহীদদের নামগুলো ইতিহাসে লিপিবদ্ধ হোক, দেশের ইতিহাসে সোনার অক্ষরে তাদের নাম লেখা হোক- এটা কী প্রাপ্য না তাদের?

“এই বিষয়টি বেগম খালেদা জিয়া উত্থাপন করেছেন, যাতে করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। এটা কি রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রের বিরুদ্ধে কি আছে? উনি তো এ কথাও বলেননি যে ৩০ লাখ সঠিক না।”

লেবার পার্টির মহানগর সভাপতি শামস উদ্দিন পারভেজের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সহসভাপতি ফারুক রহমান, আমিনুল ইসলাম রাজু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান চৌধুরী মুকুল, মাহমুদ খান, জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক অনুষ্ঠানে বক্তব্য দেন।