২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় ‘অমান্য’ করে হরতাল, বিচার চান হাছান

জামায়াত নেতা মীর কাসেমের রায়কে ‘অমান্য’ করে যারা অবৈধ হরতাল ডেকেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 06:07 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় দু’জন মন্ত্রীকে যদি আদালতে তলব করা হয়, তাহলে যারা নয় জন বিচারপতির রায়কে অমান্য করে হরতাল ডেকেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

“জামায়াত নেতা মীর কাসেমের রায়কে অমান্য করে যারা অবৈধ হরতাল ডেকেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসা হোক।”

জামায়াত-শিবিরের অবৈধ হরতালের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রমনা থানা আওয়ামী লীগ ।

সমাবেশে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেন, “আপনি (খালেদা) যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলছেন, মনে হয় তিনি আপনার ছোট বোন। আপনাকে মনে রাখতে হবে, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলছেন। ভদ্রতা শিখুন।”

বিএনপির নেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “আপনারা আগে আপনাদের নেত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবকে ভদ্রতা শেখান।”

জামায়াতের হরতালকে ‘কৌতুক’ আখ্যায়িত  করে তিনি আরও বলেন, “বিএনপি জামায়াতের হরতাল এখন কৌতুক ছাড়া আর কিছু নয়। প্রেস রিলিজ দিয়ে হরতাল ডাকে, আর কিছু মিডিয়া তুলে ধরে। আর হরতাল চলাকালিন তাদের দূরবীন দিয়ে খুজেঁ পাওয়া যায় না।”

২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম।