২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এখন সোহরাওয়ার্দী উদ্যানও চায়

জাতীয় কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের বরাদ্দ পাওয়া জায়গায় আগত নেতাকর্মীদের সঙ্কুলান হবে না বলে এর পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারে সরকারের অনুমতি চায় বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 05:26 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণ পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই বিষয়ে জানান।

গয়েশ্বর সাংবাদিকদের বলেন, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের কাউন্সিলের জন্য এই জায়গা যথেষ্ঠ নয়।  

“আমরা খুব সীমিত জায়গা পেয়েছি। এর যে ধারণাক্ষমতা তা আপনারা সহজেই অনুমান করতে পারেন। এই জায়গায় আমাদের কাউন্সিল করা খুবই কষ্টসাধ্য।”

এর মধ্যেই গণপূর্ত বিভাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি মিলেছে জানিয়ে দুটি জায়গাকে পাশাপাশি ব্যবহারের জন্য সরকারের কাছে অনুমতি চান এই বিএনপি নেতা।

তিনি বলেন, সেক্ষেত্রে উদ্বোধনীসহ কাউন্সিলের মূল অনুষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের ক্যাম্পাসের ভেতরেই সীমাবদ্ধ থাকবে।

“আগত ডেলিগেট ও কাউন্সিলর অথবা দলের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে একটা বসার জায়গা পাবে। যদি না পায়; তাদের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে দেখা যাবে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনের রাস্তাটা ব্লক হয়ে যাবে। তাতে জনগণের অসুবিধা হবে।”

‘রাস্তাটা যাতে জনগণের জন্য উন্মুক্ত থাকতে পারে তা সরকার বিবেচনা করবে’ আশা প্রকাশ করে সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পন্ন করতে সরকারের সহযোগিতা কামনা করেন গয়েশ্বর।

আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ কাউন্সিল হয় ২০০৯ সালে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

শুক্রবার সকাল ১০টায় কাউন্সিলের জন্য বরাদ্দ পাওয়া ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণ ও  মিলনায়তন পরির্দশন করেন বিএনপির কাউন্সিল প্রস্তুতি উপ-কমিটিগুলোর আহ্বায়করা।

গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও আসম হান্নান শাহ, শফিক রেহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, রুহুল আলম চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসময় উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, “সরকারের কাছে দাবি একটাই কাউন্সিলের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি না করা।”

এবারের কাউন্সিলের কাউন্সিলের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন শৃঙ্খলা ও সেবা উপকমিটির আহ্বায়ক হান্নান শাহ।

১৫ মার্চ থেকে নিরাপত্তার কাজে নিয়োজিত দলের প্রধানসহ স্বেচ্ছাসেবকদের তিন দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

হান্নান শাহ সাংবাদিকদের বলেন, “দলের নেতা-কর্মীদের ওপর আমরা আস্থা আছে বলেই বলছি, আমরা ১৯ মার্চ যে কাউন্সিল হবে তাতে সুন্দর ও সুষ্ঠুভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করব। নিরাপত্তায় দায়িত্বরতরা প্রধান ফটকে সকলকে চেক করে ঢুকাবে। আমাদের মোবাইল টিম থাকবে।

“নিরাপত্তা কাজে আমরা সর্বাধুনিক ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করব। যেহেতু আমাদের কাছে ‘বম্ব ডিসপোজাল স্কোয়াড’ নেই। সরকারের কাছ থেকে যোগাযোগ করে আমরা সেগুলো নেব।”

কাউন্সিল পণ্ড করার জন্য যেকোনো ধরনের প্রতিবন্ধকতা বা গণ্ডগোল সৃষ্টির চেষ্ঠা তাৎক্ষণিকভাবেই মোকাবেলা করার বিষয়ে তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান এই বিএনপি নেতা।

“আমরা আশা করছি, গতবারের মতো এবারও আমরা কাউন্সিলর ও ডেলিগেটসহ সকলকে যথাযথ নিরাপত্তা দিতে পারব।”