২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে দাঁড়াতে বাধা কোথায়: কাদের

বাধার কারণে শতাধিক ইউনিয়নে বিএনপি নেতারা মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ করা হলেও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, কোথাও তাদের বাধা দেওয়া হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 04:53 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

সরকার ‘বাধা না দিলেও’ বিএনপিকে কাউন্সিল করতে জায়গা দেওয়া হচ্ছে না বলে দলটির নেতারা যে অভিযোগ করে আসছিলেন তেমনিভাবে নির্বাচনে প্রার্থী হতে বাধা দেওয়ার এই অভিযোগ করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সভায় ওবায়দুল কাদের বলেন, “কাউন্সিল করার জন্য কোনো জায়গা দেওয়া হচ্ছে না বলে বিএনপির নেতারা দাবি করেছিলেন। সরকার বাধা দিলে জায়গা পেলেন কিভাবে?

“আসলে কাউন্সিল করার জন্য তারা (বিএনপি) নিজেরাই জায়গা ঠিক করতে পারেনি। তাদের মধ্যে নানা জনে নানা মত। কোথায় সম্মেলন করবে সেটা বিএনপিই এত দিন ঠিক করতে পারেনি।”

আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সামনে রেখে জানুয়ারির শেষ দিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, সোহরাওয়ার্দী উদ্যান ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএনপি।

এরপর মাস পেরিয়ে গেলেও আবেদনের কোনো সাড়া না মেলায় তাদের কাউন্সিল করতে জায়গা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। তবে কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ব্যবহারের অনুমতি পাওয়ার কথা বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

তাদের কাউন্সিলের জন্য জায়গা ব্যবহারের অনুমতি দিতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা ছিল না বলে দাবি করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না। আর বলছেন, বাধা দেওয়া হচ্ছে। নির্দিষ্টভাবে বলুন কোথায় কোথায় আপনাদের প্রার্থী হতে বাধা দেওয়া হচ্ছে।”

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ৭৩৪ ইউপির মধ্যে ৭০টি এবং দ্বিতীয় ধাপের ৬৪৭টির মধ্যে ৫৮টিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নেই।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধায় এসব ইউনিয়নে মনোনীতরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে বিএনপি নেতাদের অভিযোগ।

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার প্রস্তুতির জন্য ছাত্রলীগ এই সভার আয়োজন করে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বক্তব্য দেন।

পুরনো খবর:

দ্বিতীয় ধাপেও নৌকা ১৩ ইউপিতে প্রতিদ্বন্দ্বীহীন
হুমকি-বাধায় মনোনয়নপত্র জমা দেয়নি শতাধিক প্রার্থী: বিএনপি