যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি সংসদে
যুদ্ধাপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য জাতীয় সংসদে দাবি তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে মোজাম্মেল হক বলেন, “আমরা বিভিন্ন জায়গায় যাই। সেখানে সকলে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানায়।
“তারা বলেন, যুদ্ধাপরাধীদের সন্তানদের কেন ভোটাধিকার থাকবে? যুদ্ধাপরাধীদের সন্তানরা কেন সরকারি চাকরি পাবে?”
“যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে- এটাই মুক্তিযোদ্ধাদের দাবি।”
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধেরও দাবি জানান মন্ত্রী।
এরআগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের যুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেন নাই দাবি করে তিনি বলেন, “যেখানে যুদ্ধ হতো সেখানে তিনি (জিয়াউর রহমান) থাকতেন না।
“জিয়াউর রহমান কোনো দিন যুদ্ধ করে নাই। উনি যুদ্ধে ছিলেন। কিন্তু যুদ্ধ করেন নাই।”
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার সংশয় প্রকাশ নিয়ে গণপূর্ত মন্ত্রী বলেন, “উনি (খালেদা জিয়া) তো যুদ্ধ দেখেন নাই। উনি তো ক্যান্টনমেন্টে চরম আয়েসে ছিলেন। উনি তো কোনো মৃত্যু দেখেন নাই।”
এদিকে ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর একটি নিবন্ধের তীব্র নিন্দা জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।
সংসদে এক অনির্ধারিত বক্তব্যে সিদ্দিকীর নিবন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই স্বতন্ত্র সংসদ।
তিনি বলেন, সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে নূরে আলম সিদ্দিকী বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগকে অকার্যকর ও বিকলাঙ্গ বলে মন্তব্য করেছেন।
“এটা তিনি (নূরে আলম সিদ্দিকী) করতে পারেন না। তিনি বিচার বিভাগের সবাইকে দুর্নীতিবাজ বলতে পারেন না। বিচার বিভাগে অনেকে আছেন, যাদের দুই/তিনশ’ কোটি টাকা দিয়েও কেনা যাবে না। বড়জোর ২/৩ জন সম্পর্কে বলা যেতে পারে।”
নূরে আলম সিদ্দিকীর সততা নিয়ে প্রশ্ন তুলে এই সাংসদ বলেন, “তিনি কী করেন মানুষ তা জানে। তিনি কীভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছেন?”
