২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপকর্মে বহিষ্কৃতরাও ছাত্রলীগের পদে

বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কৃত একাধিক নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 09:51 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

কেন্দ্রীয় সম্মেলনের সাত মাস পর সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী ২৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি হওয়ার কথা থাকলেও ৩০১ জন পদ পেয়েছেন।

কমিটিতে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকা নেতারা পদ পাওয়ার পাশাপাশি অনেক নিবেদিত কর্মী উপেক্ষিত হওয়ার অভিযোগ এসেছে সংগঠনের বিদায়ী কমিটির এক নেতার কাছ থেকে।

কমিটিতে অছাত্রের পাশাপাশি অপহরণ ও হত্যা মামলার আসামিও রয়েছেন। কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি মেহেদি হাসানের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে শাহবাগ থানা পুলিশ ইয়াবাসহ সাতজনকে আটকের পর তাদের জবানবন্দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মেহেদির নাম আসে।

ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে ২০১৩ সালের ৩০ নভেম্বর গভীর রাতে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র আসাদুজ্জামান ফারুক মারা যান। ওই হত্যা মামলার অন্যতম আসামি সুইম। ঘটনার পরই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে।

গত কমিটির উপসম্পাদক আব্দুল বাসেত গালীবও সহ-সভাপতি হয়েছেন। কয়েক মাস আগে ঢাকা কলেজে পুলিশের অভিযানে গুলিসহ আটক হয়েছিলেন তিনি। এজন্য কিছুদিন কারাবাসও করতে হয় তাকে।

বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ আগের কমিটিতে উপক্রীড়া সম্পাদক ছিলেন। ২০১৪ সালে এক মোবাইল রিচার্জ ব্যবসায়ীকে জিম্মি করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় তাকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ।

আরেক সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক। দর্শন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র এহতেশাম ঠিকমতো শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ায় ছাত্রত্ব হারিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আশিকুল পাঠানকেও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ২০১৪ সালের মে মাসে ক্যাম্পাসে প্রাইভেটকারচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়; সে সময় এই ছাত্রলীগ নেতা গাড়ি চালাচ্ছিলেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়।

বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকল করার অভিযোগে বহিষ্কার হয়েছিলেন তিনি। পরে আর লেখাপড়া শেষ করতে পারেননি ছাত্রলীগের শহীদুল্লাহ হলের সাবেক সভাপতি।

কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী এনায়েতকে ৩ নম্বর সহ-সভাপতি করা হয়েছে। তার বিরুদ্ধে শাহবাগের ফুলের দোকানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে; সংগঠনের সাবেক কয়েক নেতাও এ অভিযোগ করেছেন।

আনোয়ার হোসেন আনু পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন। বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনু এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

তার বিরুদ্ধে সলিমুল্লাহ হলের আশপাশ এলাকায় মাদক ব্যবসা ও ‘জুনিয়রদের’ দিয়ে ছিনতাই করানোসহ বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে এসেছে। কয়েক দফায় সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল তাকে।

বিবাহিতদের সংগঠনের নেতৃত্বে না থাকার নিয়ম থাকলেও কাউন্সিলে আসা নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতির পদ পাওয়ার পর ঘটা করে বিয়ে করেন আজিজুল হক রানা। ছাত্রলীগের বিদায়ী কমিটির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের বিয়েতে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বর্তমান কমিটির ২ নম্বর সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী বিএনপি সরকার আমলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সূর্যসেন হল কমিটির সদস্য ছিলেন।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির পদ পাওয়া অহিদুর রহমান জয় ও সৈয়দ আশিকের বয়স পেরিয়ে যাওয়ায় সম্মেলনের সময় মনোনয়নপত্র তুলতে পারেননি।

অছাত্ররা কমিটিতে এলেও অনেকে ত্যাগী নেতা উপেক্ষিত হয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক কমিটির যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত।

কেন্দ্রীয় সম্মেলনের আগে শীর্ষ পদ প্রত্যাশীদের মধ্যে আলোচনায় থাকা রাহাতের অভিযোগ, তার পক্ষে থাকায় ওই সব নেতাদের বাদ দেওয়া হয়েছে।

বয়সের কারণে কাউন্সিলে অংশ নিতে ব্যর্থ হওয়া রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেতাদের পছন্দ-অপছন্দ থাকতে পারে। ব্যক্তি বিশেষে একজনের অনুসারী হওয়ায় ছাত্রলীগের কমিটিতে না রাখা, সংগঠনকে শক্তিশালী করার স্বার্থে এটা অত্যন্ত দুঃখজনক।”

সাবেক কমিটির স্কুলবিষয়ক সম্পাদক হাসানুল হক বান্না, আইন বিষয়ক উপসম্পাদক পলাশ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কমিটির যুগ্ম সম্পাদক এইচ এম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক শামস ই নোমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার সভাপতি আবু সালমান প্রধান শাওন, কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-বৃত্তি সম্পাদক ওয়ালিউর রহমান বিপুল, রাকি আহমেদ, আবু শ্যামা ও সদস্য মাহবুব খান পূর্ণাঙ্গ কমিটিতে নেই।

এসব বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন। এখানে অছাত্র, বিবাহিত এবং বিতর্কিত নেতার কোনো স্থান নাই।”

পূর্ণাঙ্গ কমিটির আকার বৃদ্ধি নিয়ে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংগঠনের অনেক নেতাকর্মী আছে। তাদের কমিটিতে রাখতে আমরা ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছি।

“বর্ধিত সভায় আলোচনার মধ্য দিয়ে সংশোধন করা হবে।”