খালেদার শ্রদ্ধা: শহীদ মিনারে হাতাহাতি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলে তার দলের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবীদের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছে।
এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মাটিতে পড়ে যান।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ২০ মিনিটে শহীদ মিনারের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওয়ানা হন খালেদা জিয়া।
পথে হাই কোর্ট মোড় ও দোয়েল চত্বরে দুই দফায় খালেদা জিয়ার গাড়িবহর আটকানো হয়।
রাত ১টা ২৫ মিনিটে খালেদা জিয়া শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন শিক্ষক তাকে এগিয়ে আনতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাদের ধাক্কা দিয়ে এগিয়ে আসেন। এ সময় ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান পড়ে যান।
পরে খালেদা জিয়ার সঙ্গের নেতাকর্মীরা শহীদ বেদীতে উঠতে গেলে সেখানে শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরা বাধা দেন। এ সময় নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন।
জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি নেত্রী যখন ফুল দিতে শহীদ মিনারের বেদীতে উঠছিলেন ঠিক তখনই উনার দলের কর্মীরা আমাদের ধাক্কা দিয়ে মূল বেদীর দিকে দৌড় দেয়। এ সময় আমরা নিচে পড়ে গেলে আমাদের উপর দিয়েই চলে যায় তারা।”
বিএনপিকর্মীদের অনেকে জুতা পরে শহীদ বেদীতে ওঠেন বলেও জানান তিনি।
ঘটনার একটি টেলিভিশন ফুটেজে কয়েকজনকে স্যান্ডেল হাতে মারপিটে উদ্যত হতে দেখা গেছে।
“ভিসি স্যারকে দেখে বিএনপির নেতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে।”
এ বিষয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ মিনারে যেতে বিএনপি নেত্রীকে তিন জায়গায় ‘ব্যারিকেড’ দেওয়া হয়।
“এরপর শহীদ মিনারে পৌঁছালে নেত্রীর সঙ্গে ফুল দিতে যাওয়া নেতাদের আটকানো হয়। আমাদের নেতাদের নাজেহাল করা হয়েছে।”
পরে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দলটির এক নেতা অভিযোগ করেছেন।
