২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি-বাসদের রেলভবন ঘেরাওয়ে পুলিশের বাধা

ট্রেনে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিপিবি ও বাসদের রেলভবন ঘেরাওয়ে বাধা দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 02:56 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

ট্রেন ভাড়া ৭.৮% বাড়ানোর পরিকল্পনা

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হওয়ার পর পুলিশ শিক্ষা ভবনের সামনে আটকে দিলে সেখানেই সমাবেশ করে দুই দলের নেতাকর্মীরা।

এর আগে প্রেসক্লাবের সামনে সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “রেল চলে ডিজেল দিয়ে। তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার থেকে কমে ২২ ডলারে নেমে এসেছে।

“এছাড়া অবৈধ দখলদারের হাতে রেলের ১২ হাজার একর জমি আছে; ২৩টি মন্ত্রণালয় ও সংস্থার কাছে রেলের পাওনা আছে ১২ হাজার ৬১০ কোটি টাকা। এসব বিবেচনা করলে রেলের ভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিকতা আছে কি?”

দাবি আদায়ে কেন্দ্রীয়ভাবে রেলভবনের সামনে বিক্ষোভের পাশাপাশি ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি জেলায় জেলায় রেল স্টেশনেও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়।

পরে শিক্ষা ভবনের সামনে সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “সড়ক পথের তুলনায় চার ভাগের এক ভাগ জ্বালানি খরচ করে ট্রেনে পণ্য পরিবহন করা যায়। তার পরও রেলে পণ্য পরিবহন কমছে কেন?

“বিদেশি ঋণ ও পরামর্শে রেলকে ব্যয়বহুল ও বেসরকারিকরণ করে লোকসানের পরিমান বাড়ানো হচ্ছে কেন?”

সমাবেশে অন্যদের মধ্যে সিপিবি নেতা শাহ আলম ও বাসদ নেতা বজলুল রশিদ ফিরোজ উপস্থিত ছিলেন।

ট্রেনের ভাড়া ৭ দশমিক ৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

সম্প্রতি রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেলে ফেব্রুয়ারি থেকেই বর্ধিত রেলের ভাড়া কার্যকর হবে।