২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ নিয়ে ফখরুলের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে আদালত

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের লিখিত ব্যাখ্যা চেয়েছে আপিল বিভাগ।  

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 11:26 AM

Updated : 12 Apr 2022, 01:27 AM

রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে ফখরুলের এক আবেদনের শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এই ব্যাখ্যা চাওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে ছিলেন জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। 

পরে মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, “সিলেটে উনি (মির্জা ফখরুল) বিচার বিভাগ সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যের লিখিত ব্যাখ্যা আদালতে দিতে বলা হয়েছে।”

সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই।”

মির্জা ফখরুলের আবেদনের ওপর আগামী ২২ ফেব্রুয়ারি শুনানির দিন রাখা হয়েছে বলে ‍মুরাদ রেজা জানান।

তবে ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন বলেছেন, আপিল বিভাগ শুনানি নিয়ে ২২ ফেব্রুয়ারি আদেশের দিন রেখেছে। ওইদিনই লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

গত ২৪ নভেম্বর নাশকতার তিন মামলায় জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ বিএনপির এই নেতাকে তিন মাসের জামিন দেয়।

এই আদেশ চ্যালেঞ্জ করে তিনি গত ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন, যা ১৫ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতির আদালতে ওঠে।

শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।