২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদের সময় হয়নি: কাদের

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সময় এখনও আসেনি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 07:02 PM

Updated : 11 Oct 2022, 07:46 PM

তিনি বলেছেন, “কূটনীতির হিসাব আলাদা। এখনও সময় হয়নি, সে পর্যায় এখনও আসেনি। সময় হলে বোঝা যাবে।”

সোমবার ‘পাকিস্তানের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও আইএসআই এর এদেশীয় দোসর স্বাধীনতা বিরোধী খালেদা জিয়ার মিলিত অপকর্মের’ প্রতিবাদে ১৪ দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধনে ওবায়দুল কাদের আসাদগেইট এলাকায় অংশ নেন।

মানববন্ধনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, হুইপ শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, মো. শাহাবউদ্দীন, মাহাবুর আরা বেগম গিনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক।

ওবায়দুল কাদের বলেন, “যত বিষোদগার করুক, এই বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্তি টিকে থাকতে পারবে না। এই মাটি মুক্তিযুদ্ধবিরোধী কারও কাছে নতি স্বীকার করবে না।”

তিনি বলেন, “উন্নয়নের সব সূচকে আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে আছি। আমাদের নেই শুধু পরমাণু বোমা। ওই ধ্বংসের বোমা আমরা চাই না। এছাড়া সব কিছুতে বাংলাদেশ এগিয়ে আছে।” 

মানববন্ধনে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হাতে পাকিস্তান ও খালেদা জিয়া বিরোধী বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।