বিশ্ববিদ্যালয়ে অস্ত্রবাজি বন্ধে ছাত্রলীগেরও অবদান: আশরাফ
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে অস্ত্রবাজি নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এজন্য ছাত্রলীগের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।
রোববার ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির সাবেক নেতা আশরাফ বলেন, “দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর অস্ত্রের ঝন-ঝনানি শোনা যায় না। হলগুলোতে অস্ত্রের মহড়া হয় না।
“এগুলো সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও ছাত্রলীগের কল্যাণে।”
সরকার সমর্থক ছাত্রলীগের অন্তর্কোন্দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রক্তপাতের সমালোচনার মধ্যেই আওয়ামী লীগের ছাত্র সংগঠনের প্রশংসা করেছেন তিনি। তবে গত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো গোলযোগ হয়নি।
সংগঠনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে জনপ্রশাসনমন্ত্রী আশরাফ ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্যও বর্তমান নেতাদের সামনে তুলে ধরেন।
রাজধানী ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউশনে এই আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন।
