২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ‘উপলব্ধিতে’ শাজাহানের আনন্দ

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন অংশ না নেওয়ার ‘ভুল বুঝতে পেরেছেন’ দাবি করে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সেজন্য তিনি খুবই আনন্দিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

শুক্রবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী ‘বারভিডা কার এক্সপো ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন করে খালেদা জিয়ার বিএনপি ও জোটসঙ্গীরা। ওই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় অনেক সাধারণ মানুষেরও প্রাণহানি হয়।  

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনের আগে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে সরকারকে পরাস্ত করতে হবে। অনুষ্ঠানে পৌর নির্বাচনে জনগণের কাছে বিএনপির প্রার্থীদের পক্ষে ভোটও চান তিনি।

খালেদা জিয়ার ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শাজাহান খান বলেন, “আপনি যে রক্তাক্ত পথ, শ্রমজীবী মানুষের রক্ত দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করতে চেয়েছিলেন, সেই রাস্তা থেকে ফিরে বাংলাদেশে নতুন করে ভোটের কথা বলছেন এবং আপনারা ভোটে না এসে যে ভুল করেছিলেন, তা মর্মে মর্মে উপলব্ধি করেছেন, সেজন্য আমি অত্যন্ত আনন্দিত।”

বিএনপি ও তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামী ২০১৩ ও ২০১৪ সালে গাড়ি পুড়িয়ে বহু মানুষ হত্যা করে বলে অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি।

শাজাহান খান বলেন, “পেট্রোলবোমা দিয়ে চালক-হেলপার হত্যা করা হয়েছে। যারা মেরেছেন তাদের উদ্দেশ্য ছিল দেশের অগ্রযাত্রা ব্যাহত করা।

“বিএনপি-জামায়াত এ হত্যার দায় অস্বীকার করতে পারবে না। দেশের সাধারণ মানুষ সাহস করে এই অগ্রাযাত্রা অব্যাহত রেখেছে। চালক-হেলপাররা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের অবদান সবচেয়ে বেশি। জীবন দিয়ে যেসব চালকরা দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তারা এ যুগের শহীদ।”

গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চেয়েছিল অভিযোগ করে তিনি বলেন, “কিছুদিন আগে খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের মাধ্যমে নয়, ভোটের মাধ্যমে এই সরকারকে ঘায়েল করার কথা, আপনার (খালেদা জিয়া) সুমতি হয়েছে।”

সন্ত্রাস-জঙ্গিবাদের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “একবার যদি মাথা নোয়াই, তাহলে বাংলাদেশ পাকিস্তানের মত জঙ্গিরাষ্ট্র হবে। আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে।”

একাত্তরের যুদ্ধাপরাধে ১৯৫ পাকিস্তানি সেনার বিচার দাবিতে আন্দোলন শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী শাজাহান বলেন, “১৯৫ জন যুদ্ধাপরাধী সেনার বিচার করার কথা বলে ফিরিয়ে নিয়ে গেলেও তাদের বিচার করেনি পাকিস্তান। সেই শর্ত পালন না করাতে নতুন আন্দোলন শুরু হয়েছে। প্রয়োজনে ১৯৫ জনের অনুপস্থিতিতে বিচার হবে।”

মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় চুক্তির আওতায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক ১৯৫ সেনাকে নিজ দেশে বিচারের মুখোমুখি করার শর্তে ফেরত নেয় পাকিস্তান। এরপর ৪৪ বছর পার হলেও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি দেশটি।