খালেদা ও তার দল 'নাজায়েজ কাজ' করছে: হাছান
শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘কবর অদৌ আছে কিনা’ সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
নিশ্চিত না হয়ে খালেদা জিয়া ও বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে জিয়ার স্মরণে সেখানে ফুল দিয়ে ‘নাজায়েজ কাজ করছে’ বলে বুধবার দুপুরে ঢাকার এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতাকর্মীরা প্রতিবছর জিয়ার জম্ম-মৃত্যু ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেখানে ঘটা করে ফুল দেন, সেখানে তার (জিয়াউর রহমান) কবর আছে কিনা সেটা আগে পরীক্ষা করে দেখা প্রয়োজন।
“ইসলামের দৃষ্টিতে যেখানে কোনো কবর নাই, সেখানে কবর উল্লেখ্য করে ফুল দেওয়া নাজায়েজ। খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীরা সেই নাজায়েজ কাজটি করছেন কিনা তা পরীক্ষা করে দেখা প্রয়োজন।”
ঢাকার শিল্পকলা অ্যাকাডেমিতে শহীদ আসাদ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
আগের দিন মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন ও তার স্ত্রী খালেদা জিয়াসহ দলটির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, “আজ দেশে গণতন্ত্র নির্বাসিত। বাংলাদেশ এখন বিপন্ন হয়ে পড়েছে।”
মির্জা ফখরুলের ওই বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “এখন দেশে শান্তি বিরাজ করছে-কারণ দেশে পেট্রোল বোমা, অবরোধ, হরতাল নাই। সেটি সম্ভবত মির্জা ফখরুল ও তার দলের নেতাকর্মীদের পছন্দ নয়।”
“প্রকৃতপক্ষে দেশের মানুষ বিপন্ন বিএনপির হাতে। কারণ তারা দিনের পর দিন অবরোধ ডেকে জনগণকে অবরুদ্ধ করে রাখে। দেশের মানুষ নয়, বিএনপিই বিপন্ন।”
সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের মধ্যে জিয়াউর রহমানের কবর। ১৯৮১ সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে এই সামরিক শাসক মারা যাওয়ার পর প্রথমে তাকে চট্টগ্রামে কবর দেওয়া হলেও পরে তা ঢাকার স্থানান্তর হয়।
জাতীয় সংসদ ভবন এলাকা নিয়ে স্থপতি লুই আই কানের নকশার নিয়ম না মেনে জিয়ার কবর করা হয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের। দলটির শীর্ষ নেতারা প্রায়ই এ বিষয়ে বক্তব্যও রাখেন।
আওয়ামী লীগ সরকার জিয়ার কবর সরানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করে আসছে বিএনপিও।
আলোচনায় সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের বলরাম পোর্দ্দার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ অন্যরা বক্তব্য রাখেন।
