২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে শক্তিশালী হওয়ার ‘পথ দেখালেন’ হাছান   

বিএনপি ‘হাওয়ায় ভেসে যেতে বসেছে’ মন্তব্য করে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, সরকার এই দলটিকে ‘শক্তিশালী’ দেখতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 03:43 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বিএনপি কীভাবে শক্তিশালী হতে পারে সে পথও তিনি বাতলে দিয়েছেন। 

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে হাছান বলেন, “দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি আত্মহত্যা করেছে। বিএনপি মুসলিম লীগের মত হাওয়ায় ভেসে যাচ্ছে।”

তিন দফা ক্ষমতায় থাকা দলটি এখন ‘অনেকটা দুর্বল হয়ে গেছে’ মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান বলেন, “সরকার বিএনপিকে শক্তিশালী দল হিসেবে দেখতে চায়। সেই সঙ্গে জঙ্গি নেতৃত্বমুক্ত বিএনপি দেখতে চায়।

“জঙ্গি-যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করলে বিএনপি শক্তিশালী হবে। কিন্তু তারা তা করতে পারছে না,” বলেন তিনি।

ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, “আমরা দেখতে চাই বাংলাদেশে সরকারি ও বিরোধী দল উভয়েই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাই বাংলাদেশ সরকার জঙ্গি দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছে।”

একাত্তরের ঘাতক ও তাদের দোসররা এখনও ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও নষ্ট রাজনীতির’ মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দিকে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

বিচার বিভাগের দলীয়করণের যে অভিযোগ বিএনপি করে আসছে তা ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন আওয়ামী লীগের কামরুল।

তিনি বলেন, “দেশে অতীতে ফরমায়েশি বিচার হতো। এখন দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারাও আদালতের বিচারের মুখোমুখি হচ্ছেন। এমনকি সংসদ সদস্যরাও গ্রেপ্তার হচ্ছেন।”

দলের সকল নেতা-কর্মীকে সংযত হয়ে কথা বলার পরামর্শও দেন কামরুল।

অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজাফ্ফর হোসেন পল্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় আলোচনা সভায় বক্তব্য দেন।