২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার জন্মদিনে খালেদার শ্রদ্ধা

জিয়াউর রহমানের জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তার স্ত্রী খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 02:34 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

মঙ্গলবার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের পাশে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে যান খালেদা জিয়া।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির হাজারো নেতাকর্মী সেখানে সমবেত হয়; তার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।

দলের নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, মাহবুবউদ্দিন খোকন, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব এসময় উপস্থিত ছিলেন।

বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আনহ আখতার হোসেন, কাজী আবুল বাশার, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, কাজী আবুল বাশার, আনোয়ার হোসেন, সাইফুল আলম নিরব, শফিউল বারী বাবু, ইশতিয়াক আজিজ উলফাত, এম এ মালেক, মনির খান হাফেজ আবদুল মালেক ও শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন।

পরে কবর প্রাঙ্গণেই মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আজ দেশে গণতন্ত্র নির্বাসিত। বাংলাদেশ এখন বিপন্ন হয়ে পড়েছে। এ থেকে উত্তরণে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি।

“বিএনপির কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, বাক স্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য এখন আমরা কাজ করছি।”

জিয়ার জন্মদিন উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় কার্যালয়ে সর্বসাধারণের জন্য মেডিকেল ক্যাম্পের কর্মসূচি রয়েছে।

এছাড়া মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।