২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিন ১৭ ঘণ্টায় বিএনপিতে ‘বিপ্লব’, ঘোষণা নাসিমের

রাজধানীর নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে ‘উচ্চ আদালত’ বসার ও ‘সাত দিন ১৭ ঘণ্টায় দলীয় বিপ্লব’ করার ঘোষণা দিয়েছেন কামরুল হাসান নাসিম, যিনি নিজেকে এখন ‘আসল বিএনপি’ নয়, বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ার নেতা দাবি করছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 06:03 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশে নাসিম বলেন, “প্রস্তুত থাকো সাত দিন ১৭ ঘণ্টার অপেক্ষায়, গাইতে হবে তোমাদেরই জাতীয়তাবাদের গান। তার মানে, বিএনপির নয়া পল্টনের কার্যালয়ের সামনে উচ্চ আদালত বসবে। এটা দলীয় বিপ্লব। এর সময়সীমা হবে সাত দিন ১৭ ঘণ্টা।

“সেই আদালতে কী হবে? বিএনপির পুনর্গঠন হবে গেল ২০ বছরের কাউন্সিলারদের দ্বারা। ওই উচ্চ আদালতের বিচারক হবেন গেল ২০ বছরের যেসব কাউন্সিলর জীবিত আছেন তারা। আর বাদীর কথা বলব আমি কামরুল হাসান নাসিম।”

এসময় তিনি জানান, গত ২৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিম্ন আদালত বসেছিল।

বিএনপির পাঁচটি ‘অসুখ’ হয়েছে এবং তা সারানোর কাজ করছেন বলেও দাবি করেন কামরুল ইসলাম নাসিম। সরকারের সমালোচেনা না করার যুক্তি তুলে ধরেছেন তিনি।

আদালত কবে বসবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, “বিপ্লব দিনক্ষণ দিয়ে হয় না। তারিখ বলা হবে না। দলীয় বিপ্লব তারিখ দিয়ে হয় না। যে কোনো দিন হবে ।”

এসময় রোববার বিএনপি অফিস অভিমুখে ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার’ জন্য দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘সন্ত্রাসী বাহিনীকে’ দায়ী করে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তা দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন নাসিম। হামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘ছাত্রলীগের ছেলেরাও’ ছিল বলে তার দাবি।

কামরুল হাসান নাসিম গত বছরের ১০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে অবৈধ ঘোষণা করে জিয়াউর রহমানের ‘আদর্শের বিএনপিকে’ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, “খালেদা জিয়া ও তারেক রহমানের পরিচালিত বিএনপি অবৈধ। তারা শহীদ জিয়ার আদর্শ থেকে দূরে সরে গেছেন। তাদের অযাচিত কর্মকাণ্ডের মাধ্যমে দলটিকে রাজনৈতিক অপশক্তির দিকে নিয়ে যাওয়া হয়েছে। এ থেকে উত্তরণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির নবযাত্রা শুরু করা হল। এটাই হবে আসল বিএনপি।”

এরপর গত এক বছরের নাসিম বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে ‘চমক করানো’ কর্মসূচির ঘোষণা দিলেও কোনোটিরই বাস্তবায়ন দেখা যায়নি।

সর্বশেষ গত ২ জানুয়ারি ও ১৬ জানুয়ারি নয়া পল্টনের কার্যালয়ের অভিমুখে যেতে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের তোপের মুখে তার কর্মীরা পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে কামরুল হাসান নাসিম বলেন, “গতকাল আমাদের একটি রাজনৈতিক-সাংস্কৃতিক মহড়া ছিল, সবার হাতে বই ছিল। আমাদের পিকআপটি পুড়ানো হয়েছে। কালকে আমাদের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

“আমি এই সংবাদ সম্মেলনে বলতে চাই, গতকাল রুহুল কবির রিজভী তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ওপর আঘাতটা করিয়েছে। ওই হামলায় ছাত্রলীগের ছেলেরাও ছিল, আমি দেখেছি।”

“আমি তাকে ২৪ ঘণ্টা টাইম দিচ্ছি, তিনি যাতে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে দেন। আগামীকাল ২টা ১৭ মিনিটের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না পেলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

‘বিএনপি পুনর্গঠন’ কর্মকাণ্ডের পেছনের সরকারের ইন্ধন নেই দাবি করে তিনি বলেন, “সরকারের সঙ্গে সম্পর্ক থাকলে নয়া পল্টনের অফিস দখল হয়ে যেত।”

রাজনীতিকরা অনেক সময় ‘প্রেসক্রিপসন’ অনুযায়ী কথা বলেন মন্তব্য করে তিনি বলেন, “কামরুল ইসলাম নাসিমকে প্রেসক্রিপশন দেওয়ার মতো বাংলাদেশ নয়, সারা দেশে বা বিশ্বে কারও জন্ম হয় নাই।

“আমি দলীয় বিপ্লবকে যেভাবে দেখছি, এমনও হতে পারে, আগামী দিনে আমি রাষ্ট্রীয় পর্যায়ের মানসিক বিপ্লবেও আসতে পারি।”

সরকারের সমালোচনা না করার যুক্তি তুলে ধরে নাসিম বলেন, “সমকালীন সময়ে স্বেচ্ছাচারী কায়দায় থাকা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলি না। কেন বলি না, সেটা আমার রাজনৈতিক কৌশল। কারণ আমি মনে করি, আগে আমাদের ঘর ঠিক করতে হবে।”

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে নাসিমের সঙ্গে কোনো নেতা ছিলেন না, ছিলেন কয়েকজন অল্পবসয়ী ‘সহকর্মী’।

এতে তার আবৃত্তি করা ‘এসো কান্না করি’ শীর্ষক কবিতার ক্যাসেট ও লেখা ‘নেতৃত্ব’ নামক বই সাংবাদিকদের দেওয়া হয়।

বিএনপির পাঁচটি ‘অসুখ’ সারানোর কাজ করছেন দাবি করে নাসিম বলেন, “অসুখগুলো হলো- জনস্বার্থ সংরক্ষণের রাজনীতি করা হচ্ছে না, নাশকতাকে রাজনীতির হাতিয়ার করা হচ্ছে, বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা, জাতীয়তাবাদী থেকে জামায়াতীবাদী হয়ে যাওয়া এবং এক সময়ের আস্থাহীন দুই নেতার দলকে চেপে ধরা। রোগগুলো আমাদের সারাতে হবে।”

একটি কবিতা পড়ে নাসিম তার সংবাদ সম্মেলন শেষ করেন।

পুরনো খবর:

‘টোকাই’ দিয়ে পার্টি অফিস দখলের ষড়যন্ত্রে সরকার: বিএনপি
নয়া পল্টনে ‘আসল বিএনপির’ গাড়িতে আগুন