২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টোকাই’ দিয়ে পার্টি অফিস দখলের ষড়যন্ত্রে সরকার: বিএনপি

সরকার ‘টোকাই’ দিয়ে আরেকটি বিএনপি সাজিয়ে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখলের ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 07:09 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

পুরনো খবর:

নয়া পল্টনে ‘আসল বিএনপির’ গাড়িতে আগুন

রোববার বিকালে কেন্দ্রীয় কার্যালয়েই এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “কিছুদিন আগেও পার্টি অফিস হামলা করার জন্য কিছু নিকৃষ্ট, অপকৃষ্ট, টোকাই দিয়ে আরেকটি বিএনপি সাজিয়ে কয়েকজন লোক পাঠিয়েছিল।

“আজকেও পার্টির অফিস দখল করা হবে, আক্রমণ করা হবে- এ ধরনের কথা-বার্তা আমরা শুনছিলাম।”

বিকালে ‘তারা’ বিএনপি কার্যালয়ে ঢোকার চেষ্টা করে- অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, “সরকার তার গোয়েন্দাদেরকে দিয়ে পাড়া-মহল্লা থেকে টোকাইদের দিয়ে, পার্টি অফিসের সামনে দিয়ে একটা মিছিল করলে, মনে হয় মানুষ এটা বিশ্বাস করবে।

“এটি এই সরকারের একটি হীন কৌশল, হীন অপকর্ম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বছর খানেক আগে খালেদা জিয়াকে ‘বাদ দিয়ে’ নিজেকে ‘আসল বিএনপি’র নেতা দাবি করেন কামরুল হাসান নাসিম নামে একজন, যাকে ‘সরকারের দালাল’ বলছেন বিএনপি নেতারা।

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে অবৈধ ঘোষণা করে জিয়াউর রহমানের ‘আদর্শের বিএনপিকে’ ফিরিয়ে আনার ঘোষণাও দিয়েছেন নাসিম। গত ২ জানুয়ারি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েছিল তার সমর্থকরা।

রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পোড়ানো হয়েছে ‘আসল বিএনপির’ একটি কভার্ড ভ্যান। কার্যালয়ের সামনে ‘কর্মসূচি’র জন্য ওই কভার্ড ভ্যানে করে শব্দযন্ত্র নেওয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাকরাইল থেকে বিকালে সাড়ে ৩টার দিকে একটি নীল রঙের কভার্ড ভ্যানে বড় শব্দযন্ত্র নিয়ে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ রেকর্ডের গান বাজিয়ে কার্যালয় অভিমুখে আসছিল। ভ্যানের সামনে ‘দলীয় বিপ্লবের মহড়া’ শীর্ষক ব্যানার ছিল। এ সময়ে বিএনপি কার্যালয়ের সামনের ফুটপাতে উপস্থিত ছাত্রদলের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

তাদের মধ্যে কিছু কর্মী আনন্দভবন কমিউনিটির কাছে গিয়ে হামলা চালিয়ে গাড়িটিতে ভাংচুর করে। এক পর্যায়ে চালক ও আরোহীরা  পালিয়ে গেলে বিক্ষুব্ধরা গাড়িটিতে (ঢাকা মেট্রো ন -১১-৯৩৭১) আগুন দেয়। এর প্রায় ২৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনার পর জরুরি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “আমরা সরকারকে সাবধান করে দিচ্ছি, আপনারা যদি এ ধরনের কাজ অব্যাহত রাখেন, তাহলে জনগণের শাস্তি ভয়ঙ্কর হবে।

“জনগণের বিচার হচ্ছে ভয়ঙ্করতম বিচার। সেই বিচারের একদিন যে রায় হবে, সেই রায়ে আপনারা মাজা সোজা করে দাঁড়াতে পারবেন না।”

সরকার সারা দেশে বিএনপির নেতাকর্মীদের হয়রানির পাশাপাশি সাংগঠনিক কাজে বাধা দিচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “তারা টোকাই, অপকৃষ্ট, নিকৃষ্ট সব লোকজনকে ধরে নিয়ে এসে বলছেন, এরা বিএনপির আরেকটি গ্রুপ। … অনেক চেষ্টা করেছেন, আরও অনেক লোককে দিয়ে, কিন্তু কিছুতে কিছু হয় নাই।”

তিনি বলেন, “বিএনপি চীনা মাটির বাসন নয়, মেলামাইনের থালা নয়, যে ফেলে দিলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা ইস্পাত কঠিন ঐক্যের জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এর নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যিনি তিনবারের প্রধানমন্ত্রী।”

সংবাদ সম্মেলনে রিজভীর পাশে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইকবালুর রহমান রোকন ও মৎস্যজীবী দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব।