রাবি ছাত্রলীগ সভাপতি রানা বহিষ্কৃত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে দুই কর্মী আহত হওয়ার পর সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিজানুর রহমান রানাকে বহিষ্কার করা হয়েছে।
সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাজুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে বলে শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে মারামারির ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
এর আগে শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের দুই অনুসারীকে পিটিয়ে আহত করে সভাপতি মিজানুর রহমান রানার অনুসারীরা।
বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা ফজলুল হক হলের সামনের এই ঘটনায় আহত হন ছাত্রলীগ কর্মী এস এম সাজ্জাদ হোসাইন ও অনিক মাহমুদ বনি। বনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বনির বন্ধুরা।
