জেনারেল জ্যাকবের মৃত্যুতে খালেদার নীরবতার সমালোচনায় সুরঞ্জিত
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকবের মৃত্যুতে শোক প্রকাশ না করায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি বলেন, “জেনারেল জ্যাকবের মৃত্যুর পর বাংলাদেশের সবাই শোক প্রকাশ করলো; কিন্তু আপনি নীরব রইলেন।
"মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করলে এখনও সময় আছে শোক প্রকাশ করার। নইলে জামায়াতের মতো আপনাকেও পাকিস্তানি বলে গণ্য করা হবে"।
বেশ কিছুদিন অসুস্থতার পর ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব ১৩ জানুয়ারি সকালে দিল্লির একটি সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। একাত্তরের অবদানের জন্য ২০১২ সালে অন্যান্য বিদেশি বন্ধুদের সঙ্গে জেনারেল জ্যাকবকেও সম্মাননা দেয় বাংলাদেশ সরকার।
একাত্তরে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে রাজি করিয়ে নিজ হাতে আত্মসমর্পণের দলিলের খসড়া লিখেছিলেন জেনারেল জ্যাকব। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
‘পাকিস্তানি পলিসিতে বিএনপির রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও অগ্রগতির কথা বিএনপি নেত্রী 'এড়িয়ে গিয়ে অস্বীকার করেন' অভিযোগ করে তারও সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত।
"বিশ্বের সবাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাওয়া স্বীকার করছেন। অথচ খালেদা জিয়া তা দেখেন না। তিনি শুধু দু’একটি ফ্লাইওভার ছাড়া আর কিছুই হয়নি বলেন। তাহলে সমুদ্র বিজয়, ছিটমহল বিনিময়, পদ্মা সেতুর কাজ শুরু, হাতিরঝিল, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপ্লব আসলো কোত্থেকে?"
সরকার খালেদা জিয়ার 'নির্বাচনের আশা' পূরণ করেছে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, “আপনি (খালেদা জিয়া) নির্বাচন নির্বাচন করেন, সরকার আপনার প্রত্যাশা পূরণ করছে। সিটি করপোরেশন, পৌরসভা নির্বাচন দিল, আপনি অংশ নিলেন।
"আগামী মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে। আশা করি, অংশ নিবেন । আপনার প্রত্যাশানুযায়ী সরকার নির্বাচন দিচ্ছে। আসলে আপনি মুখে বলেন, নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। ভেতরে বলেন-নির্বাচনে যাব, সেটা শেখ হাসিনার অধীনেই।”
সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়া রাজনীতিতে কুঞ্জিত হয়ে কথা বলছেন। তারপরও তিনি দু’একটি উন্নয়নের কথা স্বীকার করেছেন-এটা ভালো দিক। আশা করি, এর মাধ্যমে আপনার ভালো কাজের প্রশংসা করার অভ্যাস তৈরি হবে।”
খালেদা জিয়ার উদ্দেশে তিনি আরও বলেন, "আপনি সবকিছু ( আন্দোলন, জ্বালাও-পোড়াও) করে দেখলেন। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলেন। তাতে দেখলেন ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম নির্বাচন। তাই নির্বাচনে অংশ নেয়ার ধারাবাহিকতা রক্ষা করুন। "
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা 'আর নষ্ট না করে' বিএনপি নেত্রীকে আইনের শাসন মেনে চলার আহ্বান জানান সুরঞ্জিত।
জাতি শিক্ষকদের আন্দোলনের বিষয়ে 'সম্মানজনক সমাধান চায়' মন্তব্য করে তিনি বলেন, "আশা করি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিষয়টির দ্রুত সমাধান হয়ে স্বস্তি ফিরে আসবে।"
শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ফি বৃদ্ধি রোধে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, "শিক্ষকদের বেতন দ্বিগুণের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বৃদ্ধি হওয়াটা বেমানান। সাধারণ মানুষের ওপর যাতে জুলুম না হয়, সেজন্য শিক্ষা মন্ত্রণালয়কে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।"
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ অন্যরা বক্তব্য রাখেন।
