২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল জ্যাকবের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একাত্তরে পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের দলিলের খসড়া লেখা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 02:32 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

এক শোকবাণীতে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, “তার মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল। মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের অবদানের কথা বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”

রাষ্ট্রপতি আবদুল হামিদ জেনারেল জ্যাকবের আত্মার শান্তি কামনা করেন এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বেশ কিছুদিন অসুস্থতার পর ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল বুধবার সকালে দিল্লির একটি সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।

একাত্তরের অবদানের জন্য ২০১২ সালে অন্যান্য বিদেশি বন্ধুদের সঙ্গে জেনারেল জ্যাকবকেও সম্মাননা দেয় বাংলাদেশ সরকার।