বাম মোর্চার কর্মসূচিতে পুলিশের বাধা
সুন্দরবনের কাছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র বাতিলের দাবিতে মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় পড়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
বুধবার দুপুরে জোটের সমন্বয়ক অধ্যাপক আবদুস সাত্তারের নেতৃত্বে বাম মোর্চার একটি মিছিল মন্ত্রণালয়ের সামনে যেতে চাইলে সচিবালয়ের ৫ নম্বর ফটকে পুলিশ বাধা দেয়।
বিক্ষোভকারীরা কাঁটাতারের বেড়া ভেঙে এগোতে চাইলেও পুলিশের বাধার মুখে সেখানেই সমাবেশ করে বাম মোর্চা।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরানা পল্টন হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় পড়ে।
সমাবেশে বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তার বলেন, “বাধা দিয়ে লাভ নেই আজকের এ কর্মসূচির মধ্যেই আমরা থেমে থাকব না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থগিতের জন্য বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আলোচনা করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সমাবেশে বিপ্লবী ঐক্যফ্রন্টের মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক,সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক , শুভ্রাংশু চক্রবর্তী, আবুল হাসান রুবেল বক্তব্য রাখেন।
