জনগণের রক্তঋণ মহামূল্যে শোধ করতে হবে আ. লীগকে: রিজভী
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিজের জেলা কুড়িগ্রামে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনগণের রক্ত ঝরিয়ে তারা টিকে থাকবে বলে মনে করছে। কিন্তু এই রক্তঋণ যে একদিন মহামূল্যে পরিশোধ করতে হবে, তা তারা টের পাচ্ছে না।”
ব্রাহ্মণবাড়িয়ায় কওমী মাদ্রাসা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে এই হুঁশিয়ারি দেন বিএনপি নেতা।
ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার মোবাইল সেট কেনার সময় দোকানিদের সঙ্গে জামিয়া ইউনুসিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মারামারির পর পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত মাসুদ মঙ্গলবার মারা যান।
মাসুদের মৃত্যুর পর মঙ্গলবার দিনভর ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডব চালায় মাদ্রাসাছাত্ররা। বিভিন্ন স্থানে ভাংচুর-অগ্নিসংযোগের পাশাপাশি রেল লাইনের স্লিপার তুলে ফেলায় ট্রেন চলাচলও ব্যাহত হয়।
কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগরে দুটি মাদ্রাসা মন্ত্রী ছায়েদুল হকের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি করেন রিজভী।
মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভকে সমর্থন করে তিনি বলেন, “মানুষের প্রতিবাদের আওয়াজ শুনলে তারা (সরকার) দিশেহারা হয়ে উঠে, সেদিকে ধ্বংস করতে উঠেপড়ে লাগে।”
বিএনপিকে দুর্বল করতে তারেক রহমানের বিরুদ্ধে নানা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি দাবি করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে পৌর নির্বাচনে ৯০ ভাগ মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হত।
