২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের দু’বছর: অর্থনীতির চাকায় ভর করে এগোচ্ছে আওয়ামী লীগ

দুই বছর পার করল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার, একটানা সাত বছর ক্ষমতায় থাকাও পূর্ণ হয়েছে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলটির।

মঈনুল হক চৌধুরী

ও সৈয়দ বশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 08:55 AM

Updated : 11 Oct 2022, 07:35 PM

পুরনো খবর:

তৃতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আ. লীগের ইশতেহার: ‘আসুন, এগিয়ে যাই সমৃদ্ধির মহাসড়কে’
বিশ্ব অর্থনীতিতে ১৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ
আত্মবিশ্বাসী আওয়ামী লীগের সামনে জবুথবু বিএনপি

এই সাত বছর ক্ষমতায় থাকার আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচ বছর দেশ শাসন করেছিলেন শেখ হাসিনা।

বর্তমান প্রধানমন্ত্রীর বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ক্ষমতায় ছিলেন সাড়ে তিন বছর। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ট্রাজেডিতে পরিসমাপ্তি ঘটেছিল তার সরকারের।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শেখ হাসিনার নেতৃত্ব শক্তিশালী ভূমিকা রাখলেও এই সময়েই জঙ্গিদের হাতে লেখক, ব্লগার, প্রকাশকদের হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে একের পর এক; যদিও এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে আসছেন আওয়ামী লীগের নেতারা।

“এসব ষড়যন্ত্রে কোনো কাজ হবে না, আমরা মেয়াদ পুরো মেয়াদই ক্ষমতায় থাকব,” সম্প্রতি বলেছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ‍সুরঞ্জিত সেনগুপ্ত।

সাত বছর পূর্তির দিন ঢাকায় এক জনসভায় শেখ হাসিনাও বলেছেন, জনগণের আস্থা থাকলে তারা দেশকে আরও এগিয়ে নিতে পারবেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু করেন শেখ হাসিনা।

বয়কটকারী বিএনপির ভোট প্রতিরোধের ঘোষণার মধ্যে জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে ওই নির্বাচনটি করেছিল আওয়ামী লীগ। সংসদের বিরোধী দলে রেখে সরকারের অংশীদারও করা হয়েছে এরশাদ নেতৃত্বাধীন দলটিকে।

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপর ভর করে ২০১৪ সালের নির্বাচনের সময় সহিংসতা যেভাবে নিয়ন্ত্রণ করেছিল সরকার, এক বছর পর বিএনপি জোটের তিন মাসের সহিংস আন্দোলন দমনেও একই সাফল্য দেখায়।

Image
২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট ঘিরে ব্যাপক সহিংসতা হয় সারা দেশে, চট্টগ্রমের সাতকানিয়ায় এই কেন্দ্রটি পুড়িয়ে দেওয়া হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট ঘিরে ব্যাপক সহিংসতা হয় সারা দেশে, চট্টগ্রমের সাতকানিয়ায় এই কেন্দ্রটি পুড়িয়ে দেওয়া হয়।

এরপর স্থানীয় নির্বাচনের দিকে এগোয় আওয়ামী লীগ। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর স্থানীয় সরকার আইন সংশোধন করে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনও হয়ে যায় গত বছরের শেষ ভাগে।

এসব নির্বাচনে সাফল্যের পর এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিকে এগোচ্ছে আওয়ামী লীগ।

বিএনপি অবশ্য বলে আসছে, এসব নির্বাচনে প্রশাসন আর অর্থ ও পেশি শক্তি দিয়ে জনগণের রায় ছিনতাই করেছে আওয়ামী লীগ।   

এসব ভোটে অনিয়মের ঘটনা এসেছে গণমাধ্যমেও। কয়েকটি স্থানে ব্যাপকভাবে জালিয়াতির ঘটনাও গণমাধ্যমের দ্বারা দেশবাসীর সামনে প্রকাশ্য হয়েছে।

এর মধ্যেও বিদেশি জরিপও বলছে, নেতৃত্বে দ্বিধাগ্রস্ততা এবং কর্মীদের হতাশা নিয়ে ২০১৪ সালে আওয়ামী লীগে যে জনসমর্থন ছিল, এখন তার চেয়েও বেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআর ই) ২০১৫ সালের এক জরিপে দেখা যায়,

নির্বাচন ইস্যুতে বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজন থাকলেও আওয়ামী লীগের পক্ষেই পাল্লা এখন ভারী।

বাংলাদেশের অর্থনীতির চলমান গতি নিয়েও জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা সন্তোষ জানিয়েছেন। সামনে আরও সম্ভাবনাও দেখছেন তারা।

স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলছেন, সুষ্ঠু ভোট হলে তার দলই জিতবে।

আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী জোটে ভাঙন ধরাতে চাইছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।

বিএনপির দীর্ঘ দিনের মিত্র ইসলামী ঐক্যজোট কয়েকদিন আগে ২০ দল ছাড়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোটারহীন নির্বাচনে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ‘দেউলিয়া’ হয়ে এখন বিরোধী জোটে ভাঙন ধরানোর চেষ্টা চালাচ্ছে।

এর আগে শেখ শওকত হোসেন নীলু নেতৃত্বাধীন এনপিপি ২০ দল ছেড়েছিল। ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী।

বিএনপির অভিযোগের পাল্টায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জোটে ভাঙন দেখা দেওয়ায় উল্টো বিএনপিই এখন ‘দেউলিয়া’এবং এর জন্য দায়ী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান।

অর্থনীতি

দুই বছরে অর্থনৈতিক উন্নয়নকেই নিজেদের সবচেয়ে বড় অর্জন হিসেবে ‍তুলে ধরছে আওয়ামী লীগ সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বাংলাদেশের অর্থনীতির আকার প্রতি বছরে গড়ে ৭ শতাংশ হারে বাড়ার প্রত্যাশা রেখে উচ্চাকাঙ্ক্ষী বাজেট দিয়েছেন।

বিশ্ব ব্যাংক, এডিবির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে দুই বছর আগেও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকে বাংলাদেশ নিয়ে ততটা আশাবাদী হতে না দেখা গেলেও তাদেরও অবস্থানের পরিবর্তন ঘটেছে।

বিশ্ব ব্যাংক সম্প্রতি বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৭ শতাংশ; যা সরকারের আশার কাছাকাছি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “প্রথম বছরে যে অনিশ্চয়তা, দ্বিধা-দ্বন্দ্ব সরকারের ভেতরে-বাইরে ছিল, তা দ্বিতীয় বছরে কেটে গেছে। সব কিছু কাটিয়ে ও মোকাবেলা করে সম্ভাবনার দুয়ার খুলেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক উন্নতি হয়েছে।”

Image
২০১৫ সালের ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু নির্মাণের কাজ শুরুও বর্তমান সরকারের অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করেছে। বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ কাজ এই মেয়াদে শেষ করার আশা করছে সরকার। 

মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে, সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চীনের সঙ্গে আলোচনাও চলছে।

এই সময়কালে অবকাঠামো উন্নয়নকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার। নজর রয়েছে আঞ্চলিক যোগাযোগের সম্ভাবনাগুলো বাস্তব রূপ দেওয়ার উপরও। প্রবাসীদের পাঠানো অর্থ এবং পোশাক রপ্তানি বৃদ্ধি আগের মতোই ভূমিকা রেখে যাচ্ছে অর্থনীতিতে।

তবে এসবের মধ্যে দুর্নীতি দমনই চ্যালেঞ্জ হয়ে আসতে পারে, যা আইআর ইয়ের জরিপেও উঠে এসেছে। ইফতেখারুজ্জামানও বলছেন, “সব স্তরে দুর্নীতি যতখানি দূর করা সম্ভব ছিল, ততখানি অর্জিত হয়েছে, এ কথা বলা যাবে না। দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা অব্যাহত রয়েছে।”

রাজনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিতে বাণিজ্যে গতি এলেও বিদেশি বিনিয়োগ সেভাবে বাড়েনি, যা নিয়ে হতাশা রয়েছে অর্থমন্ত্রীরও।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “অর্থনীতি ভালো করছে। মন্দার বিচারে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক।”

আর্থিক মূলধনের যথেষ্ট জোগান থাকলেও বিনিয়োগের চাহিদার ঘাটতির কথাও বলছেন অর্থনীতির এই বিশ্লেষক।

“যে কোনো কারণেই হোক ব্যবসায়িক পরিবেশে আস্থার সঙ্কট কাটছে না।”

অনেকেই মনে করে, যদি অর্থনীতির চাকা সচল থাকে, তবে নির্বিঘ্নেই মেয়াদ পূর্ণ করতে পারবে আওয়ামী লীগ।

তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সামর্থ্য হারানো, দলের মধ্যে সুবিধাবাদীদের রাশ টানতে না পারা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে ব্যর্থতা।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার এবং একের পর এক দণ্ড কার্যকর সক্ষমতার সঙ্গে সরকারকে জনসমর্থনপুষ্টও করেছে।

আর ভারত যখন পাকিস্তানের সঙ্গে সংলাপ শুরু করতে চাইছে, তখন বিরূপ প্রতিক্রিয়ার জবাবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের হুমকিও দিতে পারছে আওয়ামী লীগ সরকার।