২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের মিছিল-সভায় তৎপর চক্রান্তকারীরা: টুকু

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতরের চক্রান্তকারীরা এখনও তৎপর বলে সতর্ক করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “ভেতরে-বাইরে শত্রুর মোকাবেলা করে আওয়ামী লীগ এ পর্যন্ত এসেছে। আওয়ামী লীগের ভেতরের চক্রান্তকারীরা এখনও তৎপর। এদের চিহ্নিত করতে হবে।

“আওয়ামী লীগের মিছিলে, আলোচনা সভায়, পরিবারের মধ্যে তারা বসবাস করছে।”

দলীয় নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে টুকু বলেন, “শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কখনও ভুল করেন না- এই কথাটার প্রতি অন্ধবিশ্বাস রাখতে হবে। তিনি কখনও বাংলাদেশকে ভুল পথে নেবেন না।”

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ’ আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন টুকু। পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক এখন কেন্দ্রীয় কোনো পদে নেই।

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফেরার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “সেদিন বাংলাদেশে কী যে আনন্দের বন্যা বইছিল, সেই স্মৃতি আজও মনে পড়ে। সারা দেশে মুক্তিযোদ্ধারা গুলি ছুড়ে, আতশবাজি পুড়িয়ে আনন্দ করেছিল।”

সভায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দার বলেন,

“জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। পাকিস্তানের দোসর, চক্রান্তকারীরা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। এদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”