২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানি খালেদার’ সমালোচনায়ও আপত্তি তোফায়েলের

বিএনপিপ্রধান খালেদা জিয়া পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসী মন্তব্য করে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় ইস্যুতে তার সমালোচনায়ও আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 11:16 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসী বলেই খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেছেন। তাই খালেদা জিয়ার সমালোচনা করা সমীচীন নয়, বরং বেমনান হবে।”

শাহবাগে জাতীয় গ্রন্থাগারের ওসমানী মিলনায়তনে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও পাঠচক্র’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল।

বিএনপি চেয়ারপারসন খালেদা গত মাসে এক অনুষ্ঠানে একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন। তার ওই বক্তব্যের তীব্র সমালোচনা চলছে; দাবি উঠেছে আইন করে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোরও।

জাতীয় গ্রন্থাগারে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, “বঙ্গবন্ধু তার দূরদৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছিলেন, বাংলাদেশকে পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত করতে সশস্ত্র সংগ্রামের বিকল্প নেই।

“তাই তিনি ৭ মার্চের ভাষণের মধ্যেই বাঙালিদের পরবর্তী করণীয় সর্ম্পকে দিক-নিদের্শনা দিয়ে রেখেছিলেন।”

ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।