জামায়াত নিষিদ্ধ হবে এ বছরই: কামরুল
আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ বছরের মধ্যেই বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “বাংলাদেশে যুদ্ধাপরাধীদের কোনো সংগঠন থাকতে পারে না। আইনি প্রক্রিয়ার মাধ্যেমে ২০১৬ সালের মধ্যেই এ দেশ থেকে জামায়াতের রাজনীতিকে নিষিদ্ধ করা হবে।”
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিলেও বহাল থাকায় তার দল জামায়াতে ইসলামী সারা দেশে যে হরতাল ডেকেছে, তার বিরোধিতায় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
নিজামীর রায় কার্যকর করা এখন ‘সময়ের ব্যাপার’ মন্তব্য করে আাওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একে একে সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করা হচ্ছে। এর ধারাবাহিতায় নিজামীর বিচার সম্পন্ন হয়েছে। এই বিচার কর্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র।”
মুক্তিযুদ্ধের বিরোধিতায় পাকিস্তানকে সহযোগিতা করা জামায়াতে ইসলামীর রাজনীতি স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর সেনাশাসক জিয়াউর রহমানের সময়ে এদেশের রাজনীতিতে পুর্নবাসিত হয় জামায়াত।
২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গঠন করে যুদ্ধাপরাধীদের বহু প্রতীক্ষিত বিচার শুরু হলে ‘যুদ্ধাপরাধী দল’ হিসেবে জামায়াত নিষিদ্ধের দাবিও জোরালো হয়ে ওঠে।
এরই মধ্যে শর্ত পূরণ না করায় হাই কোর্টের আদেশে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে যায়। ফলে বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়ে দলটি। ওই আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল বিভাগে গেলেও সেই শুনানি এখনো শুরু হয়নি।
একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের শীর্ষ নেতারা কখনোই ক্ষমা চাননি, বরং তারা বলে এসেছেন, তাদের সেই অবস্থান ‘সঠিক’ ছিল। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার বিচারেও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।
মুক্তিযুদ্ধকালীন জামায়াতের আমির গোলাম আযমের যুদ্ধাপরাধ মামলার রায়ে জামায়াতকে একটি ‘ক্রিমিনাল সংগঠন’ বলা হয়। এরপর বিভিন্ন মহল থেকে দল হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের দাবি জোরালো হয়ে উঠলে প্রসিকিউশন তদন্তও শুরু করে। কিন্তু ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারে প্রয়োজনীয় আইনি কাঠামো না থাকায় বিষয়টি এখনো আটকে আছে।
২০১৪ সালের অগাস্টে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইন সংশোধনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে; শিগগিরই তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। কিন্তু এরপর আর কোনো অগ্রগতি দেখা যায়নি।
সর্বোচ্চ আদালতে যুদ্ধাপরাধীর নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও জামায়াতের হরতালের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল বিএনপিনেত্রী খালেদা জিয়ারও সমালোচনা করেন।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পাক সেনাদের প্রেমে যারা বিভোর, শহীদদের যারা অবমাননা করে, শহীদের নিয়ে কটূক্তি করে, আগুন সন্ত্রাস চালায়, হরতালের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে, পর্যায়ক্রমে তাদেরও বিচার করা হবে।”
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সমাবেশে বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন আর বিএনপির সম্পদ নন, বরং তিনি এখন বিএনপির বোঝা। আপনার কারণেই বিএনপির আজকের এই দুর্দশা।“
২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “আপনি (খালেদা) নিজের ভুল ত্রুটির জন্য যদি জনগণের কাছে ক্ষমা চান, বলুন ‘ঊনিশ সালের নির্বাচনে আসব’।”
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগের নেতা হেদায়েত উল ইসলাম স্বপন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য দেন।”
