২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথায়ও নিয়ন্ত্রণ: খালেদা

সরকারের ‘দখলি’ মনোবৃত্তির কারণে মত প্রকাশের স্বাধীনতা ‘রুদ্ধ’ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 09:23 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো সরকার নিয়ন্ত্রণ করছে বলেও তার দাবি।

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে খালেদা জিয়া বলেন, “আমরা কেউ কথা বলতে পারি না; সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু চলছে দখল আর দখল। নির্বাচন হয় না, হয় দখল।

“প্রেস ক্লাব একটা ছিল, যেখানে নিয়মিত নির্বাচন হতো। নির্বাচনে জিততে পারে না, সেজন্য প্রেস ক্লাব দখল করে নিয়েছে।”

টক শো প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ আগে টক শো দেখত। সেখানে অনেক তর্ক-বিতর্ক হতো; অনেক কিছু জানা যেত, বোঝা যেত ওই টক শোতে। এই টক শো এখন ওরা নিয়ন্ত্রণ করে।

“টক শোতে কারা যাবে, কারা যাবে না সেটা তারা নিয়ন্ত্রণ করবে। সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে পরের দিন তার বিরুদ্ধে মামলা, রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করা হয়, এই হলো সত্যিকারের অবস্থা।”

দশম সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবসের’ সমাবেশ বায়তুল মোকাররমের পাশাপাশি ধানমণ্ডিতেও করে।

অন্যদিকে একই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।

বর্তমান সরকারের সময়ে কেউ মুখ খুলতে পারে না অভিযোগ করে বিএনপি প্রধান বলেন, “সত্য কথা বলতে পারে না। গণতন্ত্র না থাকলেই সকলের মুখ বন্ধ করে দেওয়া যায়।”

বক্তব্যে বিভিন্ন সময় আটক সাংবাদিকদেরও মুক্তি দাবি করেন খালেদা।

তিনি বলেন, “অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কারও কোনো বিচার হয় নাই। সাগর-রুনির (হত্যাকাণ্ডের) কি বিচার হয়েছে? বিচার হয় নাই। বহু সাংবাদিক… এই শওকত মাহমুদ আজকে জেলে কেন? মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটক করে রাখা হয়েছে।মাহমুদুর রহমানকে আটকে রাখা হয়েছে।”

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নারও মুক্তি চেয়েছেন খালেদা।