গণতান্ত্রিক পরিবেশ ফেরান: সরকারকে ফখরুল
বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নয়া পল্টনে দলের কার্যালয়ে এক সভার পর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
পৌর নির্বাচনে দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, “গণতন্ত্রকে টেকসই করতে হলে গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা বারবার বলছি, এই পরিবেশ সৃষ্টি করা জন্য অবিলম্বে যে বিষয়টা প্রয়োজন- বিরোধী দলের সঙ্গে কথা বলা।
“সরকারকে আবার আহ্বান জানাতে চাই, আর কালবিলম্ব না করে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবার জন্য বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনা করুন।”
গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কার কথাও প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
“নইলে যে ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে, জাতি উদ্বিগ্ন হয়ে পড়েছে- উগ্রতা ও জঙ্গিবাদকে প্রতিরোধ করা দুঃসাধ্য হয়ে দাঁড়াবে।”
“আমরা আবার বলছি, জাতির স্বার্থে দেশের স্বার্থে মানুষের কল্যাণার্থে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।”
পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বহু নেতা-কর্মীকে আহত করার পর তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।
পটুয়াখালী শ্রমিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার মিজানুর রহমান বাবু হত্যাকারীদের গ্রেপ্তার ও ছাত্রদলের অসুস্থ নেতা নয়নের মুক্তির দাবি করেন তিনি।
ময়মনসিংহের ফুলপুরে সাবেক সাংসদ শাহ শহীদ সারোয়ার ও নবনির্বাচিত পৌর মেয়র আমিনুল হকসহ ৭০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের নিন্দাও জানান ফখরুল।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “বিএনপির নেতা-কর্মীদের হত্যা করে, নির্যাতন করে দেশ শাসন দীর্ঘায়িত করার স্বপ্ন শাসকগোষ্ঠি দেখছে, তা কোনোভাবে সফল হবে না।”
