২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের নতুন কমিটি শিগগির: খালেদা

আন্দোলন-সংগ্রামে দলের প্রতি অনুগত নেতাকর্মীদের মূল্যায়ন করে শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 11:27 PM

Updated : 20 Aug 2022, 11:27 AM

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

সমাবেশে ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে খালেদা বলেন, “তোমারা আজ খুব উৎসাহ-উদ্দীপনা নিয়ে এসেছো, কিছুদিনের মধ্যে তোমাদের কমিটি ঘোষণা হবে।”

২০১৪ সালের ১৪ অক্টোবর রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা বিক্ষোভ শুরু করে; দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরসহ কয়েকজনকে বহিষ্কারের ঘটনাও ঘটে।

কমিটি গঠনে কোনো কোনো গ্রুপের প্রাধান্য পাওয়ার কথা স্বীকার করে বিএনপি নেত্রী বলেন, “সব কিছু মূল্যায়ন করে সকলের জন্য সমান বিবেচনায় কমিটি হবে। কোনো গ্রুপের জন্য কমিটি হতে পারে না।”

নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার বিষয়টি উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, “আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কমিটি করতে হবে। ছাত্রদলের কমিটি নিয়ে জট সৃষ্টি হয়েছে, তা আমাদের ছাড়াতে হবে।

“ছাত্রদলকে গতিশীল করার জন্য সত্যিকারের যোগ্য ও উপযুক্ত, দলের প্রতি অনুগত এবং আন্দোলন-সংগ্রামে থাকবে-এরকম যারা প্রকৃত ছাত্র তাদের দিয়েই সংগঠন করতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে।”

কোনো নেতাকর্মী ছাত্রদলের কমিটিতে স্থান না পেলে তাদের বিএনপির অন্য অঙ্গসংগঠনে পদ দেওয়ার আশ্বাসও দেন খালেদা জিয়া।

“সবাইকে মূল্যায়ন করা হবে। ছাত্রদলে যদি জায়গা না পায়, তাহলে তার রাজনীতি শেষ হয়ে গেল না। আরও জায়গা আছে, সেখানে তাকে দেওয়া হবে। অবশ্যই আন্দোলন-সংগ্রামের অবদান মূল্যায়ন করা হবে। এভাবে আমরা ছাত্রদলকে গোছাতে চাই।”

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা প্রত্যেকে আমার ছেলের মতো। যারা আন্দোলন–সংগ্রাম করেছো, সবাইকে আমরা মূল্যায়ন করতে চাই। তবে জায়গা থাকতে হবে তো।

“আমি বলতে চাই না কেউ বাদ পড়ে যাচ্ছে। তবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কিছুটা হয়ত ইয়ে হতেই পারে। যারা কমিটিতে স্থান পাবে না, তাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলে দেওয়া হবে।”

বিএনপিপ্রধান বলেন, “সকলকে নিয়ে কাজ করতে হবে। আমি বাদ পড়েছি বলে কমিটির বিরুদ্ধে একটা গ্রুপ করে আন্দোলন করব, তাহলে তো তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, ক্ষতিগ্রস্ত হবে।

“কিংবা অমুক ভাই-তমুক ভাই কমিটিতে নেয়নি বলে তাদের বিরুদ্ধে গিয়ে তাদের ওপর ঝামেলা করবে, গালিগালাজ করবে, সেটাও হয়ত ঠিক হবে না।”

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিএনপিতে ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহলকে মহানগর বিএনপিতে নিয়ে যাওয়া হবে বলে জানান খালেদা জিয়া।

সমাবেশে বক্তব্যের আগে মিলনায়তনের বাইরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন।

মিলনায়তনের ভেতরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির পাশাপাশি দলের নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, কারাগারে মারা যাওয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও কারাবন্দি ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের ছবি সম্বলিত ব্যানার টানানো হয়।

কারাবন্দি ছাত্রদল সভাপতি রাজিবের লেখা একটি ‘খোলা চিঠি’ অনুষ্ঠানে পড়ে শোনান সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার পেশ করেন সাংগঠনিক প্রতিবেদন।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ছাত্রলীগের হাতে আজ লাঠি-সোটা, বন্দুক-অস্ত্র থাকে। আমি বলতে চাই, আমার ছেলেদের হাতে অস্ত্র নয়, থাকবে বই-খাতা-কলম। আমরা চাই, একটা সুন্দর জাতি উপহার দিতে, সেজন্য তোমাদের হাতে এগুলো থাকা দরকার।

“জিয়াউর রহমানের হাতে গড়া এই ছাত্রদল। তোমরা পারবে না দেশটাকে গড়তে? তোমরা পারবে না দেশে শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে?”

দল ও সংগঠনের শৃঙ্খলা মেনে চলা এবং নেতাদের সম্মান করাসহ ‘সিনিয়র-জুনিয়র মেনে চলার’ জন্য ছাত্রদল নেতাকর্মীদের উপদেশ দেন বিএনপি চেয়ারপারসন।

সমাবেশে জিয়াউর রহমান ও তার শাসনামলে নারী শিক্ষা, গণশিক্ষা ও বিনামূল্যে বই দেওয়াসহ সবার জন্য শিক্ষা কার্য্ক্রম তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

পুরনো খবর:

ছাত্রদলের কমিটি গঠনে আইন লঙ্ঘন এবারও
কমিটি নিয়ে কোন্দলের জেরে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কৃত