ছাত্রদলের কমিটি গঠনে আইন লঙ্ঘন এবারও
সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদলের কমিটি গঠনে ভূমিকা রেখে আবারও আইন ভাঙলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজনৈতিক দলগুলো পরিচালনার আইন গণপ্রতিনিধিত্ব আদেশে কোনও দলের অঙ্গ সংগঠন কিংবা বিদেশে শাখা রাখার সুযোগ না থাকলেও বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও তা উপেক্ষা করে আসছে।
আগের মতো এবারও সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের কমিটি অনুমোদন করেছেন খালেদা জিয়া, যা গণপ্রতিনিধিত্ব আদেশের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
গণপ্রতিনিধিত্ব আদেশে এই বিধি যোগ হওয়ার সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী সাখাওয়াত বলেন, “এটা আরপিও’র অবশ্যই লঙ্ঘন। দলের সঙ্গে সম্পর্ক না থাকলে কিভাবে কমিটি অনুমোদন দেয়?”
দুই বছর আগেও ছাত্রদলের কমিটি অনুমোদন করেন খালেদা জিয়া। ওই কমিটি বিলুপ্ত করে মঙ্গলবার রাতে তিনি নতুন কমিটি অনুমোদন দেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ছাত্রদলের প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “অদ্য ১৪ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট (আংশিক) নতুন কমিটি অনুমোদন করেছেন।”
গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালায় কোনও ছাত্র, শিক্ষক ও পেশাজীবীদের নিয়ে কোনও অঙ্গ বা সহযোগী সংগঠন রাখার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
সাখাওয়াত বলেন, “নির্বাচনী আইন অনুযায়ী, মূল রাজনৈতিক দলের সঙ্গে অঙ্গ বা সহযোগী হিসেবে ছাত্র সংগঠন থাকতে পারবে না। দলের শীর্ষ নেতার অনুমোদনে কমিটি ঘোষণা অবশ্যই নির্বাচনী আইনের লঙ্ঘন।”
এম সাখাওয়াত হোসেন (ফাইল ছবি)
“জানাবার পরে কমিশন এ বিষয়ে সতর্ক করতে পারে। ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন করলে পরবর্তী ব্যবস্থা নিতে পারবে।”
নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হলে ৯০ (এইচ) বিধান অনুযায়ী যে কোনো দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা ইসির রয়েছে। নিবন্ধন বাতিল হলে দল হিসেবে টিকে থাকা গেলেও নির্বাচনে অংশ নেওয়া যায় না।
কোনও দলের বিদেশে অফিস, শাখা বা কমিটি থাকলেও দলটি নিবন্ধনের অযোগ্য হবে বলে বিধিমালায় বলা আছে, যা আওয়ামী লীগ বা বিএনপি কেউই মানছে না।
ছাত্রদলের কমিটি অনুমোদন নিয়ে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান ইসির একাধিক নির্বাচন কমিশনারে কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কেউ কিছু বলতে রাজি হননি।
গত নভেম্বরে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগী ও অঙ্গ সংগঠন থাকার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের লিখিত অভিযোগ না পেলে তারা কোনও ব্যবস্থা নেবেন না।
আইন থাকার পরও তা মানা না হওয়ায় উষ্মা প্রকাশ করেন সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত।
“রাজনৈতিক দল যতটুকু আইনে রয়েছে ততটুকু যদি না মানে, তাহলে এ আইন থাকার দরকার কী? পরিবর্তন করে নিতে পারে।”
