‘মোটামুটি ভালো’ নির্বাচন: ওবায়দুল কাদের
দলীয়ভাবে স্থানীয় সরকারের প্রথম পৌর নির্বাচনকে 'মোটামুটি ভালো' নির্বাচন হিসেবে অভিহিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি এটাকে একেবারে শতভাগ অবাধ ও স্বচ্ছ নির্বাচন-এই দাবি করব না।
“তবে এটা বলবো, প্রথম দলীয় প্রতীকের নির্বাচন হিসাবে মোটামুটি ভালো নির্বাচন। এই হিসাবে আমি এটাকে অভিহিত করতে চাই।”
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে আইন সংশোধনের পর প্রথমবারের মতো দেশের ২৩৪টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হয়।
ভোটের দিন গোলযোগের কারণে নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় ফল প্রকাশিত হয়নি আরও ছয় পৌরসভায়।
বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন।
নির্বাচনে 'জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে' বলে আওয়ামী লীগ নেতারা মন্তব্য করলেও ভোটের ফল প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বলেছে, সরকার তাদের ‘অনুগত’ ইসিকে ব্যবহার করে জনগণের রায় ‘ছিনতাই’ করেছে।
তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের স্থানীয় সরকার নির্বাচনের তুলনায় বাংলাদেশে প্রথম দলীয় প্রতীকের স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ অনেক ভালো ছিল বলে মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “স্থানীয় সরকারে দলীয় প্রতীকে নির্বাচনে বাংলাদেশে এটা প্রথম অভিজ্ঞতা, প্রথম এক্সপেরিমেন্ট।
“পশ্চিমবঙ্গে যে ধরনের নির্বাচন হয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে স্থানীয় সরকারের যে নির্বাচন হয়, যে পরিস্থিতি ও পরিবেশ হয়-সে তুলনায় বাংলাদেশের প্রথম নির্বাচনে অনেক ভালো পরিবেশ ছিল।”
