২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখল, তাণ্ডবে ‘কৃত্রিম বিজয়’ চায় ক্ষমতাসীনরা: রিজভী

পৌরসভা নির্বাচনে ‘কৃত্রিম বিজয়’ দেখাতে ক্ষমতাসীনরা দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখল করে তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 04:03 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টা পর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, “সারা দেশে নিজেদের পক্ষে কৃত্রিম বিজয় দেখানোর জন্য ক্ষমতাসীনরা তাণ্ডব চালাচ্ছে। আমরা এ পর্যন্ত যেসব তথ্য পেয়েছি, তাতে আওয়ামী সন্ত্রাসীরা প্রশাসনের সহায়তা বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে এবং বিরোধী দলের এজেন্টদের বের করে দিয়ে এ তাণ্ডব চালাচ্ছে।

“মনে হচ্ছে, তাদের যে আক্রমণ, ভোট কেন্দ্র দখল এবং পোলিং এজেন্ট ও ভোটারদের ঢুকতে না দেওয়া- এটা যেন তারা উৎসব হিসেবে নিয়েছে পুলিশ, প্রশাসন ও যৌথ বাহিনীর পাহারায়। আমরা এই তাণ্ডবের তীব্র নিন্দা করছি।”

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সাতকানিয়া, মিরসরাই, রাঙ্গুনিয়া, জয়পুরহাটের কালাই, গোপালগঞ্জ সদর, বাগেরহাটের মোড়েলগঞ্জ, বগুড়া, কুমিল্লার লাকসাম, দাউদকান্দি, বরুড়া, চান্দিনা, যশোর, ফরিদপুরের নগরকান্দা, ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কিশোরগঞ্জের বাজিতপুর, নরসিংদী, পাবনার ঈশ্বরদী, সাঁথিয়া, জামালপুরের ইসলামপুর, নাটোর সদর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, লক্ষ্মীপুরে রায়পুরা, ভোলার বোরহানউদ্দিন, দৌলতখান, ঢাকার সাভার, ধামরাই, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, ঝিনাইদহের হরিনাকুণ্ডু, মৌলভীবাজার সদর ও মাগুরা সদর পৌরসভার বিভিন্ন কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া, বিএনপির দলীয় এজেন্টদের বের করে দেওয়া, নেতাকর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রিজভী।

এই বিএনপি নেতা বলেন, অতীতের মতোই ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখলসহ সরকারের ফ্যাসিবাদী আচরণের প্রকাশ ঘটেছে পৌর নির্বাচনে।

গণতন্ত্রের লড়াইয়ের অংশ হিসেবে বিএনপির পৌর নির্বাচনে অংশ নেওয়ার কথা তুলে ধরে রিজভী বলেন, “আমাদের সব অভিযোগ নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসাররা আমলে নিচ্ছে না, কোনো প্রতিকার নেই।

“যেসব জায়গায় ভোটকেন্দ্র দখল হয়েছে, তা স্থগিত রেখে পুনরায় নির্বাচনের জন্য আমরা আবেদন করেছি। সেই আবেদনের প্রতি নির্বাচন কমিশন সাড়া দিয়ে ন্যূনতম ভদ্রতার পরিচয় দেবেন- এ আশাবাদ ব্যক্ত করছি।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা ও রফিক শিকদার উপস্থিত ছিলেন।