প্রহসনের ভোটের পরিণতি হবে ভয়াবহ: মাহবুব
পৌর নির্বাচন নিয়ে কোনো ধরনের অপচেষ্টা না চালাতে সরকারকে হুঁশিয়ার করেছেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
“আমরা সতর্ক করে দিচ্ছি, এই পৌর নির্বাচনে যদি আবার প্রহসনের নির্বাচন করতে চান, তার ভয়াবহ পরিণতি এই বাংলার মাটিতে আপনারদের দেখে যেতে হবে।”
“আমরা এখনও জীবিত আছি, আমরা রাজপথে আছি, আমরা জেলে যেতে প্রস্তুত আছি। গণতন্ত্রের বিনিময়ে আমরা কোনো স্বৈরশাসনকে মেনে নেব না।”
পৌর নির্বাচনের আগের দিন মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে এক প্রতিবাদ সভায় একথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব।
খন্দকার মাহবুব হোসেন (ফাইল ছবি)
দুই বছর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকারবিরোধী আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে কালোব্যাজ ধারণ, মানববন্ধনের পর এই প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ‘একটি কলঙ্কিত সময়’ উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, “সেদিন আমরা শান্তিপূর্ণভাবে মার্চ ফর ডেমোক্রেসির জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে মিছিল করতে চেয়েছিলাম।
“পুলিশ মূল ফটক বন্ধ করে দিল।..লাল পানি নিক্ষেপ করে দিল, আমার ভাই-বোনেরা ক্ষত-বিক্ষত হল, তারপরও যখন দেখলাম আমাদের উপর আক্রমণ হচ্ছে, আমরা সরে আসলাম। কে, কীভাবে সুপ্রিম কোর্টের প্রধান ফটক খুলে দিল?..আমাদের উপর হামলা হল।”
ফোরামের যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া বলেন, “ওই ঘটনায় যতদিন বিচার না হয়, ততদিন কালো দিবস পালন করব।”
খন্দকার মাহবুব বলেন, “আমরা এখানে শপথ নিচ্ছি-যতদিন বাংলার মাটিতে সত্যিকার অর্থে গণতন্ত্র কায়েম না হবে, যতদিন পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় না আসবে, মানুষ তার মৌলিক অধিকার ফিরে না পাবে, ততদিন আমরা মাঠে থাকব, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাব।”
ফোরামের সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান, রাগীব রউফ চৌধুরী, মির্জা আল মাহমুদ, কে এম মাসুদ রানা উপস্থিত ছিলেন।
