পৌর নির্বাচন ‘তামাশায়’ পরিণত হয়েছে: নোমান
প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে আওয়ামী লীগ সারাদেশে ‘ভীতি’ সৃষ্টির মাধ্যমে পৌর নির্বাচনকে ‘তামাশায়’ পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সারাদেশের চিত্র একইরকম। চারদিকে সন্ত্রাস চলছে। আওয়ামী লীগ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। আর তাদের প্রধান শক্তি প্রশাসন ও নির্বাচন কমিশন।
“এদের দাপটেই তারা জনগণেকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে এবং হুমকি দিচ্ছে, যেন ভোটের দিন কেন্দ্রে কেউ না যায়। নির্বাচন ইতিমধ্যে তামাশার নির্বাচনে পরিণত হয়েছে।”
‘পৌর নির্বাচন-২০১৫, চট্টগ্রাম বিভাগের আওতাধীন এলাকাসমূহে সংগঠিত ঘটনাবলীর চিত্র’ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির পৌর নির্বাচন মনিটরিং সেল-১ (চট্টগ্রাম বিভাগ) এর সমন্বয়ক নোমান বলেন, “দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিএনপির প্রার্থী এবং কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে।সংবাদ মাধ্যমের কাছ থেকে যেটুকু তথ্য পাওয়ার সম্ভাবনা ছিল সেটাও নির্বাচন কমিশন নোটিস দিয়ে সীমিত করে দিয়েছে।
“ডেমোক্রেসি ওয়াচসহ যেসব সংগঠন প্রকৃত খবর দিত, এরকম ১০টি সংগঠনকেও বাদ দিয়েছে। তারা যেন কেন্দ্রে যেতে না পারে। যারা রক্ষক (নির্বাচন কমিশন) তারাই এখন ভক্ষক।”
নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ জিততে পারবে না মন্তব্য করে তিনি বলেন, “তারা যদি মনে করে কেন্দ্র দখলে নিয়ে সব ভোট নিজেরাই দিয়ে দেবে, তাহলে তারা রাজনৈতিকভাবে পরাজিত হবে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ করলে তারা সেটা রিটার্নিং অফিসার বা সহকারি রিটার্নিং অফিসারের কাছে পাঠান। এটা কেমন কথা? অভিযোগ যার বিরুদ্ধে তার কাছেই বিচারের জন্য পাঠায়!
“এসব করে নির্বাচন কমিশন হাস্যস্পদ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এরশাদ সাহেব বলছেন, নয়টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। তাহলে নির্বাচন কমিশন কেন আমাদের নিয়ে তামাশা করছেন?”
কল্যাণ পার্টির চেয়ারম্যন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম ও সারওয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
