‘অসহায়’ ইসিকে পদত্যাগের আহ্বান ফারুকের
নির্বাচনী বিধি ভঙ্গ ঠেকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাকে ‘অসহায়ত্ব’ হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক।
বুধবার ফেনীর দাগনভূইয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সাইফুর রহমান স্বপনের প্রচারে গিয়ে তিনি বলেন, “সুষ্ঠু ভোট করতে গিয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ না করে অবিলম্বে পদত্যাগ করুন। অথবা সুষ্ঠু ভোট হওয়ার ব্যাপারে প্রার্থী ও ভোটারদের আশ্বস্ত করুন।”
যদিও নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ মনে করেন, পৌর ভোটে বিধি ভঙ্গ রোধে প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়ায় অসহায়ত্বের প্রকাশ ঘটেনি।
বুধবারই সাংবাদিকদের তিনি বলেছেন, “ইসির একার পক্ষে নির্বাচন করা সম্ভব না। সবাই সম্মিলিতভাবে করবে। সবাই সহযোগিতা করবে আইনগতভাবে। কারও কাছ থেকে সহায়তা চাওয়াটা নির্বাচন কমিশনের ভুলের কারণ না বা অসহায়ত্বেরও কারণ নয়।”
বিধিভঙ্গের বিষয়টি নিয়ন্ত্রণে গত রোববার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “আমরা অনুরোধ করছি, সরকারে যারা আছেন, তারা যেন আমাদের সহযোগিতা করেন।
“যদিও নির্বাচন কমিশন আলাদা, তারপরও সরকার থাকা অবস্থায় নির্বাচন করছি আমরা। তাই সরকারের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠবে। সেই কারণে যিনি সরকারপ্রধান, তাকেও বলব বিষয়টি দেখার জন্য।”
দাগনভূইয়ায় বিএনপির মেয়র প্রার্থীর প্রচারে গিয়ে ভোটাররা যেন ভোটকেন্দ্রে যেতে পারে- ইসিকে সে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান ফারুক।
তিনি বলেন, “অতীতের সব বিতর্কিত নির্বাচনের দুর্নাম ঘোচাতে অন্তত পৌর নির্বাচন সুষ্ঠু করুন।”
এসময় বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনার জন্য বিএনপি নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
গণসংযোগে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, দাগনভূইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির বাবু প্রমুখ তার সঙ্গে ছিলেন।
