২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মরণোত্তর বিচার দাবি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়ায় সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 03:41 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেন, “স্বাধীনতা পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার পর এই জিয়াউর রহমানই গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিল। সেই সাথে যুদ্ধাপরাধীদের এদেশে প্রতিষ্ঠা করেছিল। তাই আমি মনে করি, জিয়াউর রহমানকে মরণোত্তর ফাঁসি দেওয়া হোক; এটা আজ জনগণের প্রত্যাশা।”

বাংলাদেশের স্বাধীনতাবিরোধী হিসেবে যার নাম আসে সবার আগে, তিনি হলেন মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম। সেই সময়ের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে আদালত তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে আপিল শুনানি চলার মধ্যেই হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে যাওয়ার পর সেখান থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান গোলাম আযম। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আবার তিনি বাংলাদেশে আসেন। পরে তিনি বাংলাদেশের নাগরিকত্বও পান।

মন্ত্রী মোজ্জামেল হক বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে সখ্যতা তৈরি করেছিল। তাই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী সেক্টর কমান্ডারের পদ থেকে জিয়াউর রহমানকে বরখাস্ত করেছিল। পরে ভুল বুঝতে পেরে আবেদন করলে তাকে আবার সেক্টর কমান্ডার করা হয়।”

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সাম্প্রদায়িক অপশক্তি আবার ‘মাথাচাড়া দিয়ে উঠেছে’ বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, “পাকিস্তান যদি অব্যাহতভাবে নিজেদের অপকর্মের কথা অস্বীকার করতে থাকে, তাহলে বাংলাদেশের সকল মানুষের দাবি অনুযায়ী দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি সংসদের আগামী অধিবেশনে তোলা হবে।”

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন,  “মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন।”

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় খালেদা বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”

এর সমালোচনায় হাছান মাহমুদ বলেন,  “প্রকৃতপক্ষে যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই নয় মাস তাদের সাথেই বসবাস করেছিলেন বেগম জিয়া।”

আন্দোলনে ‘ব্যর্থ হয়ে ক্লান্ত খালেদা জিয়ার মাথা নষ্ট হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ, আব্দুর রাজ্জাকের ছেলে সাংসদ নাহিম রাজ্জাক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম ও বলরাম পোদ্দার আলোচনা সভায় বক্তব্য দেন।