২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের সতর্ক করলেন হানিফ

বিদ্রোহী প্রার্থীদের প্রচারে দলীয় নেতা-কর্মীরা অংশ নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে, তাদের যারা সহযোগিতা করবে, সে আওয়ামী লীগের জেলা, উপজেলা বা যে কোন পর্যায়ের নেতাই হউক না কেন সে বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ পেলে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তার কাছে জানতে চাওয়া হয়েছিল- দলের মন্ত্রী-এমপিরা পেছন থেকে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছে, এ বিষয়টি দল কীভাবে দেখছে?

হানিফ আরও বলেন, “দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনার নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারে এমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেনি। তাই দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের বলব, নির্বাচন থেকে সরে এসে দলীয় পদ ফিরে পেতে তারা আবেদন করতে পারে।”

বিএনপি নেতারা পৌর নির্বাচনে পথ সভায় সরকার ও সরকারের মন্ত্রীদের বিষয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, “আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের। পাশাপাশি বিএনপি নেতাদের বলব, উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না।”

চট্টগ্রাম নৌ-ঘাটির মসজিদে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে তিনি বলেন, “চোরাগুপ্তা হামলা কারা করছে এটা এখন পরিষ্কার। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে ও বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বিচার বন্ধ করতে এই সকল হামলা পরিচালিত হচ্ছে। সকল হামলার পেছনে একটাই শক্তি। সেটা হচ্ছে বিএনপি-জামায়াত।”  

মিথ্যা মামলা দিয়ে রাজনীতিকদের হয়রানি করার বিষয়ে আওয়ামী লীগ বিশ্বাসী নয় বলেও দাবি করেন হানিফ।

“রাজনীতির নামে যারা জ্বালাও-পোড়াও সন্ত্রাস ও সহিংসতা করেছে তাদের সহ্য করা হবে না। নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের রক্ষার চেষ্টা করবেন না। সকল সন্ত্রাসীদের বিষয়ে সরকার কঠোর।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, এনামুল হক শামীম। 

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৪ পৌরসভা নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের বাইরে প্রায় অর্ধশত আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে গেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

এরই মধ্যে হানিফ দাবি করেছেন, তাদের মধ্যে ১৩ তারিখের মধ্যে ৬০ শতাংশ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।