২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি শর্তে বিএনপিকে ‘বিজয় শোভাযাত্রার’ অনুমতি

কয়েকটি শর্তে বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা করার অনুমতি পেয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 02:15 PM

বুধবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন থেকে শোভাযাত্রা বের করবে বিএনপি।

মালিবাগ পর্যন্ত এই শোভাযাত্রা করতে পুলিশ অনুমতি দিয়েছে বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “পুলিশ আমাদেরকে নয়া পল্টন থেকে মৌচাক (মালিবাগ) পর্যন্ত বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে এই অনুমতির কথা জানিয়েছেন।”

বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে এবং সহযোগিতা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিএনপিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুনতাসীরুল ইসলাম জানিয়েছেন।

শোভাযাত্রা নির্দিষ্ট সময়ে শেষ করা, লাঠি বা অন্য ধরনের ধারালো বস্তু ও অগ্নেয়াস্ত্র বহন না করা, সাধারণ জনগণকে হয়রানি না করাসহ বেশ কয়েকটি শর্ত দলটিকে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।

মুনতাসীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,বিএনপিকে মালিবাগ পর্যন্ত শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা (বিএনপি নেতারা) আমাকে আশ্বাস দিয়ে বলেছে, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সর্বাত্মক সহায়তা করবে।”

শোভাযাত্রার অনুমতি চেয়ে সকালে বিএনপির কয়েকজন নেতা ঢাকা মহানগর পুলিশে আবেদন করেন।

বিকাল ৩টায় শোভাযাত্রা বের করার আগে বিজয় দিবসের ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে ৮টায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি নেতা-কর্মীদের নিয়ে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর পর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন তিনি।

বিজয় দিবসে ১৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।