২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট ‘তদারকিতে’ সমন্বয় কমিটি করেছে বিএনপি

আসন্ন পৌরসভা নির্বাচন ‘তদারকিতে’ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে সদস্য সচিব করে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

মঙ্গলবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কমিটির প্রথম বৈঠক হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদস্য সচিব শাহজাহান।

দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ৩০ ডিসেম্বর ২৩৪টিতে ভোট হবে। মেয়র পদ দলীয় হলেও সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে নির্দলীয়।

গত ১০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম- জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে পৌরসভা নির্বাচন ‘তদারকিতে’ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এর দুদিন পর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে চেয়ারপারসনের বৈঠকের পর এই সেল গঠনের ঘোষণা দেন মির্জা ফখরুল।

পৌর নির্বাচন তদারকিতে কেন্দ্রীয় সমন্বয় কমিটির পাশাপাশি সাত বিভাগে সাতটি ‘ডিভিশনাল মনিটরিং সেল’ও গঠন করবে বিএনপি।